বুধবার, ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আইন সাংবাদিকতা বিচারব্যবস্থা ও জনগণের মধ্যে গুরুত্বপূর্ণ সেতুবন্ধন: রাষ্ট্রপতি

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
আইন সাংবাদিকতাকে বিচারব্যবস্থা ও জনগণের মধ্যে গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হিসেবে উল্লেখ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

আইন সাংবাদিকতাকে বিচারব্যবস্থা ও জনগণের মধ্যে গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হিসেবে উল্লেখ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বুধবার (১ জুলাই) বঙ্গভবনে ল’ রিপোর্টার্স ফোরামের কার্যনির্বাহী কমিটির নেতারা সৌজন্য সাক্ষাত করতে গেলে তিনি এ কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, সংবিধানের প্রাধান্য, আইনের শাসন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের মৌলিক ভিত্তি। বর্তমান সরকার সংবিধানের আলোকে আইনের শাসন, ন্যায়বিচার, মানবাধিকার এবং সুশাসন প্রতিষ্ঠাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে বিচারব্যবস্থার আধুনিকায়ন এবং তথ্যপ্রযুক্তির ব্যবহার সম্প্রসারণেও বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। বিচার বিভাগ, আইনজীবী, আইন বিষয়ক সাংবাদিকসহ সংশ্লিষ্ট সকল অংশীজনের সম্মিলিত প্রচেষ্টা ও আন্তরিক অংশগ্রহণ নিশ্চিত করা গেলে ন্যায়বিচার প্রাপ্তি আরও সহজ এবং ত্বরান্বিত হবে।
তিনি বলেন, ল’রিপোর্টার্সগণ আদালতের কার্যক্রম ও গুরুত্বপূর্ণ রায় সম্পর্কে বস্তুনিষ্ঠ ও নির্ভুল সংবাদ দায়িত্বশীলতার সঙ্গে পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এছাড়া সহজ ভাষায় জনগণকে আইন বিষয়ে সচেতন করতে তাঁরা তাৎপর্যপূর্ণ অবদান রেখে চলেছেন। রাষ্ট্রপতি আইন সাংবাদিকতায় সর্বোচ্চ পেশাদারিত্ব, নৈতিক মান, সততা ও দায়িত্বশীলতা বজায় রেখে কাজ করার জন্য ল’ রিপোর্টার্স ফোরামের সদস্যদের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে তিনি অপতথ্য, ভ্রান্ত তথ্য ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যাচারের চ্যালেঞ্জ মোকাবেলায় আরও সতর্ক থাকতে বলেন।
এর আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ল’ রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) রজতজয়ন্তী উপলক্ষ্যে প্রকাশিত বিশেষ স্মরণিকার মোড়ক উন্মোচন করেন। ফোরামের সভাপতি হাসান জাবেদ ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিশনের নেতৃত্বে ১২ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। প্রতিনিধি দলে আরও ছিলেন সংগঠনের সাবেক সভাপতি সাঈদ আহমেদ খান, সহ-সভাপতি আহাম্মেদ সরোয়ার হোসেন ভূঁঞা, যুগ্ম সম্পাদক আরাফাত মুন্না, অর্থ সম্পাদক মনজুর হোসাইন, সাংগঠনিক সম্পাদক এস এম নূর মোহাম্মদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাবেদ আখতার, কার্যনির্বাহী সদস্য ওয়াকিল আহমেদ হিরন, বিকাশ নারায়ন দত্ত, হাবিবুর রহমান ও ফজলুল হক মৃধা।
এসময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব খান মো. নূরুল আমীন, রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম ও রাষ্ট্রপতির সহকারী সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রাইসুল ইসলাম উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More