অবৈধ ব্যক্তির অবৈধ সিদ্ধান্তে বিচলিত নই : জায়েদ খান

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

এবারের বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে মুখ খুলেছেন জায়েদ খান। পাশাপাশি সমিতির সাধারণ সম্পাদক নিপুণকে রীতিমতো ধুয়ে দিয়েছেন তিনি। এছাড়াও তার সদস্যপদ বাতিলের সিদ্ধান্তকে অবৈধ বলে প্রতিবাদও করেছেন তিনি। 

জায়েদ খান বলেন, আমি সমিতিকে নিয়ে কোনো বাজে মন্তব্য করিনি। আমি ব্যক্তি নিপুণকে বলেছি। এখনো বলছি, তিনি একজন নির্লজ্জ মানুষ। পরাজিত হয়েও এত দিন সাধারণ সম্পাদকের পদ দখল করে ছিলেন। এ কারণেই আমি তার বিরুদ্ধে বলেছি। এটি সমিতির গঠনতন্ত্রের মধ্যে পড়ে না।

তিনি আরও বলেন, আমার সদস্যপদ বাতিলের জন্য মাত্র একটি চিঠি দিয়েছে সমিতি। সেটিও অবৈধ মনে করি। কারণ, চিঠিটিও নিপুণ স্বাক্ষরিত ছিল। যিনি নির্বাচিতই নয়, সে আমাকে চিঠি দিতে পারেন না। তাছাড়া, এই পদের মামলা এখনও সুপ্রিম কোর্টে ঝুলে আছে। তারপরও আমি চিঠির উত্তর দিয়েছি। আমার চিঠি পাওয়ার পর চূড়ান্ত বাতিলের সিদ্ধান্ত নিতে আরও দুটি চিঠি সমিতির আমাকে দিতে হবে। কিন্তু কোনো চিঠি দেয়নি।

আরও পড়ুন: শিল্পী সমিতির পিকনিকে দাওয়াত পাননি জায়েদ খান !

এর আগে পরপর দুইবার সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেছেন জায়েদ খান।

শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে পারবে না, এতে খারাপ লাগছে কি না— জানতে চাইলে তিনি বলেন, খারাপ লাগার কিছু নেই। আমি সদস্যদের ভোটে নির্বাচিত হয়েও পদে বসতে পারিনি, এর চাইতে তো খারাপের কিছু হতে পারে না। অবৈধ ব্যক্তির অবৈধ সিদ্ধান্তে আমি বিচলিত নই।

এদিকে, জায়েদ খানের করা অভিযোগ প্রসঙ্গে নিপুণ বলেন, আমি তো সমিতির সাধারণ সম্পাদক। সমিতিকে জড়িয়ে কুরুচিপূর্ণ ভাষায় আমার বিরুদ্ধে একাধিকবার বক্তব্য দিয়েছেন জায়েদ খান। এভাবে প্রকাশ্যে মিডিয়ার সামনে আমাকে নিয়ে বলাতে সামাজিকভাবে আমার মর্যাদা ক্ষুণ্ন হয়েছে। এতে সমিতিকে ছোট করা নয়?

নিপুণ আরও বলেন, আমার কাছে সব তথ্যই সংগ্রহ আছে। তার বিরুদ্ধে যা যা করা হয়েছে, সমিতির গঠনতন্ত্র অনুযায়ীই করা হয়েছে। এর বেশি আর কিছু বলতে চাই না।।

উল্লেখ্য, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪–২৬ মেয়াদের নির্বাচন আগামী ১৯ এপ্রিল হওয়ার কথা থাকলেও আট দিন পিছিয়ে আগামী ২৭ এপ্রিল নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। সোমবার (৪ মার্চ) নির্বাচন কমিশনের এক মিটিংয়ে এ সিদ্ধান্ত হয়।

 

সুপ্তি/ দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More