শেখ হাসিনার ছবি প্রচার করলে টেলিভিশন-পত্রিকা জ্বালিয়ে দেওয়া হবে: দুলু

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

১৯৭১ সালে গণহত্যার জন্য যদি জামায়াতে ইসলামী নিষিদ্ধ হয়। তাহলে এই ছাত্র–জনতাকে গুলি করে হত্যার জন্য আওয়ামী লীগকেও নিষিদ্ধ দ্রুত করতে হবে বলে উল্লেখ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) নাটোরের আলাইপুরে ‘ছাত্র–জনতা হত্যার দায়ে শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচারের‘ দাবিতে জেলা বিএনপি আয়োজিত অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন সাবেক এই উপমন্ত্রী।

দুলু বলেন, ‘তারেক রহমানের ছবি ও বক্তব্য টেলিভিশন–পত্রিকায় প্রকাশ করা যাবে না বলে নির্দেশ দিয়েছিল। আমরা বলে দিতে চাই যে সমস্ত টেলিভিশন চ্যানেল–পত্রিকা এই খুনির (শেখ হাসিনা) ছবি প্রচার–প্রকাশ করবে, ওই টেলিভিশন–পত্রিকা আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হবে।‘

শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন উল্লেখ করে তিনি আরও বলেন, বর্তমান সরকারের কাছে দাবি, এই হাসিনাকে দেশে ফিরিয়ে এনে জনগণের সামনে বিচারের মুখোমুখি করতে হবে।

বিএনপির এই নেতা বলেন, যে ভোটে খালেদা জিয়া অংশগ্রহণ করবেন, যে ভোটে তারেক রহমান, ডা. জুবাইদা রহমান, রুহুল কুদ্দুস তালুকদার দুলু অংশগ্রহণ করতে পারবেন সে ভোট বাংলাদেশে হবে। এ ভোটের জন্যই তো আমরা আন্দোলন–সংগ্রাম করেছি। খুব দ্রুত এ নির্বাচন বাংলাদেশের মাটিতে হবে।

শেখ হাসিনা পাল্টা অভ্যুত্থানের ‘ষড়যন্ত্র‘ চালিয়ে যাচ্ছেন অভিযোগ করে বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, ‘কিন্তু এই ছাত্রসমাজ, এদেশের জনগণ আবার প্রতিরোধ গড়ে তুলবে। তাদের আর ক্ষমতায় আসার সুযোগ নেই।

নাটোর জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে অন্যদের ভেতর বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক কাজী গোলাম মোর্শেদ, জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহিন, কাজী শাহ আলম প্রমুখ।

 

এসএ/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More