
সংখ্যালঘুদের নিপীড়ন বন্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান

ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন বন্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার জন্য দেশের বিবেকবান জনগণের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ হিন্দু আইন সংস্কার পরিষদ।
বৃহস্পতিবার (৮ আগস্ট) এক বিবৃতিতে সংগঠনের সভাপতি অধ্যাপক ময়না তালুকদার ও সাধারণ সম্পাদক পুলক ঘটক বলেছেন, ‘রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে মানবতাবিরোধী দুর্বৃত্তরা দেশের বিভিন্ন স্থানে হিন্দু, বৌদ্ধ ও অন্যান্য ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের উপর নারকীয় অত্যাচার চালাচ্ছে। অসংখ্য মানুষ আজ আক্রান্ত ও বিপন্ন।‘
তারা বলেন, ‘হুমকি, হত্যা, নির্যাতন, বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট ও অগ্নিসংযোগসহ নানাবিধ অত্যাচারে দিশাহারা মানুষের আর্তনাদে বাতাস ভারী হয়ে যাচ্ছে। এসবের নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই। সকল অন্যায়ের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।‘
সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য রাষ্ট্রের দায়িত্বগ্রহণকারী কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়ে তারা বলেন, ‘অপরাধীদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে।‘
“দৃঢ় মনোবল নিয়ে ঘুরে দাঁড়ানোর জন্য এবং সংঘবদ্ধভাবে অপরাধীদের প্রতিহত করার জন্য হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের প্রতি বিশেষ আহ্বান” জানিয়ে বিবৃতিতে বলা হয়, প্রতিবেশীর প্রতি প্রতিবেশীর আস্থা রক্ষা করতে হবে। সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে আক্রান্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার জন্য দেশের বিবেকবান জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি।
সুপ্তি/ দীপ্ত সংবাদ





