দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

নেপালে ত্রিভুবন বিমানবন্দরে বিমান বিধ্বস্ত, নিহত ১৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
নেপালে ত্রিভুবন বিমানবন্দরে বিমান বিধ্বস্ত, নিহত ১৮
ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বিধ্বস্ত। ছবি: সংগৃহীত

নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে (টিআইএ) সৌর্য এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হয়েছে।

বুধবার (২৪ জুলাই) এই তথ্য জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম হিমালয়ান টাইমস।

প্রতিবেদনে বলা হয়েছে, কাঠমান্ডু থেকে পোখারার উদ্দেশ্যে রওনা হওয়া এই ফ্লাইটটি উড্ডয়নের সময় দুর্ঘটনার মুখে পড়ে। বিমানটিতে শুধু এয়ারলাইন্সের কারিগরি কর্মীরাই ছিলেন।

ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে মুখপাত্র প্রেমনাথ ঠাকুর জানিয়েছেন, বিমানটিতে ক্রুসহ ১৯ জন আরোহী ছিলেন। এর মধ্যে ১৮ জনের মরদেহ উদ্ধার হয়েছে এবং বিমানের চালক ক্যাপ্টেন এমআর শাক্যকে গুরুত্বর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, বিমানটি রানওয়ের দক্ষিণ প্রান্ত (কোটেশ্বর পাশ) থেকে উড্ডয়নের সময় হঠাৎ উল্টে মাটিতে পড়ে যায়। সঙ্গে সঙ্গে বিমানটিতে আগুন ধরে যায়। তারপরে বিমানটি বুদ্ধ এয়ার হ্যাঙ্গার এবং রাডার স্টেশনের মধ্যে রানওয়ের পূর্ব দিকে একটি নিচু অংশে পড়ে যায়।

উল্লেখ্য, কীভাবে এ দুর্ঘটনা ঘটল বা এ সংক্রান্ত আর কোনো তথ্য এখনও পাওয়া যায়নি।

 

রুবায়েত হাসান/এসএ/দীপ্ত সংবাদ