দীপ্ত নিউজ
ধর্ম

ঈদুল আজহা কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঈদুল আজহা কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর
প্রতীকী ছবি

পবিত্র ঈদুল আজহা কবে হতে পারে তা নিয়ে মানুষের আগ্রহের কমতি থাকে না। এর মধ্যে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এবার ১৭ জুন ঈদুল আজহা উদযাপিত হতে পারে।

জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা উদযাপিত হয়। চাঁদ দেখা সাপেক্ষে এই তারিখ জানায় জাতীয় চাঁদ দেখা কমিটি। তবে এর আগে চাঁদের স্থানাঙ্ক জানালো বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ নাইমা বাতেন স্বাক্ষরিত জিলহজ মাসের চাঁদের স্থানাঙ্ক বিবরণীর তথ্যানুযায়ী, বৃহস্পতিবার (৬ জুন) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে অমাবস্যা শেষ হয়ে ১৪৪৫ হিজরি সনের জিলহজ মাসের নতুন চাঁদের জন্ম হবে। ওই দিন ৬টা ৪৪.১ মিনিটে সূর্যাস্তের সময় চাঁদের বয়স হবে ০.০০৪২ দিন এবং সান্ধ্যকালীন গোধূলি শেষ হওয়ার ২২ মিনিট আগে চন্দ্রাস্ত ঘটবে।

পরদিন শুক্রবার ৬টা ৪৪.৫ মিনিট সূর্যাস্তের সময় চাঁদের বয়স হবে ১.০০৪৫ দিন এবং সান্ধ্যকালীন গোধূলি শেষ হওয়ার ৪১.৯ মিনিট পর চন্দ্রাস্ত হবে। ওই দিন বিকেল ৪টা ১৫.৬ মিনিটে প্রতিপদ শেষ হয়ে দ্বিতীয়া শুরু হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার (৭ জুন) সন্ধ্যা ৭টা ৫ মিনিট থেকে ৭টা ৫২ মিনিট পর্যন্ত সময়ের মধ্যে ঢাকায় চাঁদ দেখা যাবে। সেই হিসাবে দেশে ১৭ জুন ঈদুল আজহা উদযাপিত হতে পারে। শনিবার (৮ জুন) ৬টা ৪৪.৮ মিনিটে সূর্যাস্তের সময় চাঁদের বয়স হবে ২.০০৪৮ দিন এবং সান্ধ্যকালীন গোধূলি শেষ হওয়ার এক ঘণ্টা ৩৮.১ মিনিট পর চন্দ্রাস্ত হবে।

এদিকে ইসলামিক ফাউন্ডেশন সূত্রে জানা যায়, ঈদুল আজহা উদযাপনের তারিখ নির্ধারণে আগামী শুক্রবার (৭ জুন) মাগরিবের নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররমে ফাউন্ডেশনের সভাকক্ষে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি।

আল/ দীপ্ত সংবাদ