দীপ্ত নিউজ
বাংলাদেশ

সাতক্ষীরার আম ক্যালেন্ডার প্রকাশ, কখন নামবে কোন আম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
সাতক্ষীরার আম ক্যালেন্ডার প্রকাশ, কখন নামবে কোন আম

সাতক্ষীরার আমের সুনাম অক্ষুণ্ন রাখতে ও অপরিপক্ব আম পেড়ে বাজারজাতকরণ প্রতিরোধে গাছ থেকে আম পাড়ার ক্যালেন্ডার (সময়সূচি) নির্ধারণ করা হয়েছে।

রবিবার (৫ মে) সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নিরাপদ আম বাজারজাতকরণ বিষয়ক মতবিনিময় সভায় এই আম ক্যালেন্ডার ঘোষণা করা হয়।

নির্ধারিত সময় অনুযায়ী ৯ মে থেকে মুম্বাই ও গোলাপ খাস, ১১ মে থেকে গোবিন্দ ভোগ, ২২ মে হিমসাগর, ২৯ মে ন্যাংড়া এবং ১০ জুন আম্রপালি আম সংগ্রহ ও বাজারজাত করা যাবে।

সভায় জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সরোয়ার হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ, সাতক্ষীরা শহর কাঁচা ও পাকামাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রজব আলী প্রমুখ।

সভায় আম চাষি ও ব্যবসায়ীদের প্রতি ঘোষিত সময়সূচি অনুযায়ী আম সংগ্রহ ও বাজারজাতকরণের আহ্বান জানানো হয়। একই সঙ্গে ক্রেতা সাধারণের প্রতি উল্লিখিত সময়সূচি মেনে সতর্কভাবে সাতক্ষীরার আম কেনার পরামর্শ দেওয়া হয়।

 

সুপ্তি/ দীপ্ত সংবাদ