দীপ্ত নিউজ
স্বাস্থ‍্য

হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা

দেশে তীব্র তাপপ্রবাহ বিদ্যমান আছে। এ অবস্থায় সুস্থ থাকতে সতর্কতার কোনো বিকল্প নেই। প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

মঙ্গলবার (২৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের ফেসবুক পেইজে এসব নির্দেশনা তুলে ধরা হয়েছে।

নির্দেশনাগুলো হলো–

১. লোকজনকে তীব্র গরম থেকে দূরে থাকতে এবং মাঝে মাঝে ছায়ায় বিশ্রাম নিতে বলা হয়েছে।

২. প্রচুর পরিমাণে নিরাপদ পানি (প্রাপ্তবয়স্কদের জন্য ২.৫ থেকে ৩ লিটার) পান করতে এবং হেপাটাইটিস এ, ই ও ডায়রিয়ার মতো পানিবাহিত রোগ এড়াতে রাস্তার পাশের খাবার ও পানীয় এড়িয়ে চলতে বলা হয়েছে।

৩. প্রয়োজনে একাধিকবার গোসল করতেও বলা হয়েছে।

৪. ঢিলেঢালা ও হালকা রঙের পোশাক পরতে এবং প্রচণ্ড গরমের মধ্যে গাঢ় রঙিন পোশাক পরিহার করতে বলেছে স্বাস্থ্য অধিদপ্তর।

৫. ঘাম বন্ধ হওয়া, বমি বমি ভাব, তীব্র মাথাব্যথা এবং শরীরের তাপমাত্রা বৃদ্ধি, প্রস্রাব কমে যাওয়া, প্রস্রাবে জ্বালা, খিঁচুনি ও অজ্ঞান হয়ে যাওয়ার মতো কোনো লক্ষণ দেখা দিলে অবিলম্বে হাসপাতালে যেতে ও ডাক্তারের সঙ্গে পরামর্শ করতে বলা হয়েছে।

৬. ডায়াবেটিস, কিডনি রোগ, উচ্চ রক্তচাপ ইত্যাদি যেকোনো স্বাস্থ্য সমস্যায় প্রচণ্ড গরমের মধ্যে চিকিৎসা নেওয়া।

৭. এতে মানসিক স্বাস্থ্যের যত্ন নিতে এবং নির্দেশাবলী অনুসরণ করতে বলা হয়েছে। একইসঙ্গে অন্যদেরও এসব নির্দেশনা অনুসরণ করতে উদ্বুদ্ধ করতে বলা হয়েছে।

৮. স্বাস্থ্য সম্পর্কিত সমস্যার জন্য স্বাস্থ্য পরিষেবা নম্বর ১৬২৬৩ এ যোগাযোগ করতে বলা হয়েছে।

উল্লেখ্য, দেশে তীব্র তাপপ্রবাহ পরিস্থিতিতে সোমবার (২২ এপ্রিল) নতুন করে আরও ৭২ঘন্টা বা তিন দিনের জন্য সতর্কতামূলক হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। এর আগে, গত ১৯ এপ্রিল তীব্র তাপপ্রবাহের কারণে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রথমবার তিন দিনের হিট অ্যালার্ট জারি করা হয়।

 

এসএ/দীপ্ত সংবাদ