
এবার বেইলি রোডের নবাবী ভোজ সিলগালা

রাজধানীর বেইলি রোডের নবাবী ভোজ রেস্তোরাঁয় অভিযান পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। অভিযানে রেস্তোরাঁটি সিলগালা করে দেয়া হয়েছে।
মঙ্গলবার (৫ মার্চ) বেলা ১১টার পর অভিযানটি পরিচালনা করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। অভিযানে নেতৃত্ব নেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মনির হোসেন হাওলাদার।
অভিযানের শুরুতে রেস্টুরেন্টটি বন্ধ পাওয়া যায়। এরপর বন্ধ রেস্টুরেন্টটি সাময়িক সময়ের জন্য সিলগালা করে দেয় রাজউক।
এদিকে একটি নোটিশে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ জানায়, গ্রাহকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সাম্প্রতিক সময়ে সংগঠিত ভয়াবহ দুর্ঘটনা আমলে নিয়ে যথাযথভাবে জরুরিভিত্তিতে সঠিকভাবে সংস্কারের কাজ চালু থাকায় সাময়িক সময়ের জন্য রেস্টুরেন্ট বন্ধ থাকিবে। এজন্য সবার নিকট আমরা দুঃখিত।
গত ২৯ ফেব্রুয়ারি রাতে বেইলি রোডে গ্রিন কোজি কটেজ নামের একটি সাততলা ভবনে ভয়াবহ আগুন লাগে। এতে ৪৬ জনের মৃত্যু হয়।








