দীপ্ত নিউজ
জাতীয়

পূর্ণাঙ্গভাবে চালু হলো মেট্রোরেল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
পূর্ণাঙ্গভাবে চালু হলো মেট্রোরেল
চালু হলো উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের ১৬টি স্টেশন। ছবি: সংগৃহীত

 

চালু করা হয়েছে মেট্রোরেলের বহুল কাঙ্ক্ষিত কারওয়ান বাজার ও শাহবাগ স্টেশন। এর মাধ্যমে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত এমআরটি লাইন–৬ এর ১৬টি স্টেশনই চালু হলো।

রবিবার (৩১ ডিসেম্বর) সকাল ৭টা ১০ মিনিটে উত্তরা থেকে মতিঝিল অভিমুখে ছেড়ে আসা ট্রেনটি কারওয়ান বাজার এসে পৌঁছায় সকাল ৭টা ৩৪ মিনিটে।

কারওয়ান বাজার ও শাহবাগ স্টেশন দুটি চালু হওয়ায় বেশ খুশি যাত্রীরা। কেননা মিডিয়াপাড়া হিসেবে খ্যাত কারওয়ান বাজার এবং শাহবাগে কয়েকটি চিকিৎসা সেবা প্রতিষ্ঠান থাকায় দীর্ঘদিনের চাহিদা ছিল স্টেশন দুটি খুলে দেয়ার।

দিনে ১ লাখ ৩০ থেকে ১ লাখ ৫৬ হাজার পর্যন্ত যাত্রী মেট্রোরেলের ট্রেনে ভ্রমণ করেন। গত বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন মেট্রোরেলের নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক।

এর আগে ১৩ ডিসেম্বর থেকে ১৩ ও ১৪তম স্টেশন হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিজয় সরণি চালু হয়। বছরের শেষ দিনে চালু হলো আরও দুটি স্টেশন।

আজ থেকে সব স্টেশন চালু হলেও আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ট্রেন আগের মতোই সকাল ৭টা ১০ মিনিট থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলবে। আগামী তিন মাসের মধ্যে এই অংশে ট্রেন দিয়াবাড়ি–আগারগাঁও অংশের মতো রাত পর্যন্ত চলবে।

 

এসএ/দীপ্ত নিউজ