স্বপ্নের কথা জানালেন শাকিব

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

দেশের সিনেমা কিভাবে বিশ্ব দরবারে নিয়ে যাওয়া যায়, এটাই নিজের স্বপ্ন বলে জানিয়েছেন চিত্রনায়ক শাকিব খান।

তার নতুন সিনেমা ‘তুফান‘র নাম ঘোষণা অনুষ্ঠানে এমনটাই জানিয়েছেন এই অভিনেতা। ২০২৪ সালের ঈদুল ফিতরে এক সঙ্গে বড় বাজেটের দুইটি সিনেমা নিয়ে হাজির হতে যাচ্ছেন তিনি।

নানা জল্পনার পর, অবশেষে ঘোষণা এলো ‘সুরঙ্গ‘খ্যাত নির্মাতা রায়হান রাফীর পরিচালনায় নতুন ছবিতে অভিনয় করতে যাচ্ছেন ঢালিউডের শীর্ষ চিত্রনায়ক শাকিব খান। প্রথমবার তারা জুটি বাঁধেছেন ‘তুফান‘ ছবিতে।

সোমবার (১১ ডিসেম্বর) বর্ণাঢ্য আয়োজনে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ছবিটির নাম ঘোষণা করা হয়। এই নিয়ে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন শাকিব খান।

ছবিটি নিয়ে আপাতত খুব বেশি তথ্য দিতে চান না রাফী। তবে সিনেমাটি ইতিহাস হয়ে থাকবে বলে প্রত্যাশা এই নির্মাতার।

যৌথভাবে বাংলাদেশ ও ভারতের তিনটি বড় প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই, চরকি ও এসভিএফ ‘তুফান‘ নির্মাণ করছে।

এদিকে, ভার্সেটাইল মিডিয়ার প্রযোজনায় হিমেল আশরাফের পরিচালনায় তৈরি হচ্ছে শাকিব খানের আলোচিত আরেকটি সিনেমা ‘রাজকুমার‘। এতে ‘কিং খানের‘ সঙ্গে অভিনয় করতে ঢাকা অবস্থান করছেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি। শাকিব তার বিদেশি নায়িকাকে নিয়ে একফ্রেমে ধরা দিয়েছেন। ঢাকায় ছবিটির শুটিং হয়েছে।

সব মিলিয়ে ২০২৪ সালের ঈদুল ফিতরের প্রস্তুতি বেশ ভালোভাবেই নিচ্ছেন শাকিব খান। দুই সিনেমা দিয়ে আবারও ঈদে প্রেক্ষাগৃহে দর্শক টানবেন তিনি, বাড়িয়ে দেবেন উৎসবের আনন্দ– এটাই প্রত্যাশা ভক্তদের।

 

এসএ/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More