দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

মোটরসাইকেলে অ্যাম্বুলেন্সের ধাক্কায় প্রাণ গেলো প্রবাসীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মোটরসাইকেলে অ্যাম্বুলেন্সের ধাক্কায় প্রাণ গেলো প্রবাসীর

ফেনীতে অ্যাম্বুলেন্সের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরও একজন। শুক্রবার (২৩ জুন) সন্ধ্যায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের বিসিক সড়কের মাথায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. সুমন (৩০) কুমিল্লার লাকসাম শ্মশান পাড়ার আড়িটি বাজার এলাকার আবদুল হাইয়ের ছেলে। আহত আরেক সঙ্গী একই এলাকার মো. নাবুর ছেলে মাঈন উদ্দিন (৩৩)।

প্রত্যক্ষদর্শী রিকশাচালক মো. ইউছুপ জানান, ‘ঢাকা থেকে আসা একটি অ্যাম্বুলেন্স বিসিক এলাকায় ফেনীর পাঁচগাছিয়া রোডে প্রবেশের সময় মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে দুই আরোহী ছিটকে পড়ে। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি।‘

নিহতের শালিকা মুন্নি বেগম জানান, ‘দেড়মাস আগে বাহরাইন থেকে ছুটিতে দেশে এসেছিল সুমন। ফেনীতে একটি কাজে এসে এ দুর্ঘটনার শিকার হয়েছে। পরিবারে তার ৩ জন মেয়ে সন্তান রয়েছে।‘

ফেনী জেনারেল হাসপাতালে দায়িত্বরত পুলিশ সদস্য মো. সাব্বির জানান, হাসপাতালে আনার আগে মোটরসাইকেল চালক সুমন মারা গেছেন। তার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। আহত অন্যজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মহিপাল হাইওয়ে থানার উপ–পরিদর্শক মো. বিল্লাল জানান, দুর্ঘটনায় পতিত মোটরসাইকেল ও অ্যাম্বুলেন্স পুলিশি হেফাজতে রয়েছে। অ্যাম্বুলেন্সের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে।

 

আবদুল্লাহ আল-মামুন/আফ/দীপ্ত নিউজ