দেশের খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য জীবনযাত্রার মানোন্নয়নের লক্ষ্যে গড়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে উচ্চ ফলনশীল রোগমুক্ত ও মানসম্পন্ন বীজ উৎপাদন করা সম্ভব হবে। এ খামার বিএডিসির সক্ষমতাও বাড়াবে।
‘বাংলাদেশের দক্ষিণ–পূর্বাঞ্চলে বীজ বর্ধন খামার স্থাপন‘ প্রকল্প পরিচালক সৈয়দ সরোয়ার জাহান জানান, সোনাগাজী উপজেলার চরাঞ্চলে চর দরবেশ ইউনিয়নে ৬২৬ দশমিক ৩৯ একর জমিতে বীজ বর্ধন খামারটি বানাবে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)।
এ লক্ষ্যে প্রায় ৪৩৮ কোটি ৯৩ লাখ ৯১ হাজার টাকার ‘বাংলাদেশের দক্ষিণ–পূর্বাঞ্চলে বীজ বর্ধন খামার স্থাপন‘ প্রকল্পটি একনেকে অনুমোদন পেয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের চরাঞ্চলে শস্য বিন্যাস ও শস্য নিবিড়তা বাড়বে। এতে ধান ও অন্যান্য ফসলের আরও প্রতিকূল পরিবেশসহিষ্ণু ও উচ্চফলনশীল জাত উদ্ভাবন সম্ভব হবে।
এদিকে বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে নূরানী বাজার থেকে বীজ বর্ধন খামার পর্যন্ত ৫ দশমিক ৮ কিলোমিটার সড়কের আরসিসি পাকাকরণ সড়ক কাজের উদ্বোধন করা হয়েছে। ফেনী–৩ আসনের সংসদ সদস্য লে. জে. (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী ও ফেনী–২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এসময় প্রকল্প পরিচালক সৈয়দ সরোয়ার জাহান, সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন লিপটন, দাগনভূঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির রতন, সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান, সোনাগাজী মডেল থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ খালেদ হোসেন দাইয়ান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মফিজুল হক, সাধারণ সম্পাদক ও সোনাগাজী পৌরসভার মেয়র রফিকুল ইসলাম খোকন, চর দরবেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম ভুট্টুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আবদুল্লাহ আল–মামুন/এমি/দীপ্ত নিউজ