
পঞ্চগড়ে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১১.১ ডিগ্রি সেলসিয়াস

রাতভর কনকনে শীত, ঘন কুয়াশা আর হিমেল বাতাসে কাবু উত্তরের জনপদ পঞ্চগড়। দিন যত গড়াচ্ছে, ততই কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের তীব্রতা। তাপমাত্রার পারদ নেমে এসেছে ১১.১ ডিগ্রিতে।
আজ রবিবার (২৯ নভেম্বর) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে ১১.১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। চলতি মৌসুমে এখন পর্যন্ত দেশের সর্বনিম্ন তাপমাত্রা এটি।
আবহাওয়া অফিস বলছে, আগামী দিনগুলোতে তাপমাত্রা আরও কমে এ অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, আজ সকাল ৯টায় বাতাসে জলীয় বাষ্পের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ। গতকাল শনিবার (২৮ নভেম্বর) একই সময়ে তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এক দিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ২ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। তবে আজ সকালে দ্রুতই সূর্যের দেখা মেলায় কিছুটা স্বস্তি ফিরেছে জনজীবনে।
রাতভর কনকনে শীত ও ঘন কুয়াশায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছেন নিম্ন আয়ের মানুষ। ভোরে কাজে বের হওয়া শ্রমজীবী ও দিনমজুরদের শীত উপেক্ষা করেই জীবিকার তাগিদে ঘরের বাইরে বের হতে হচ্ছে। হিমেল বাতাসে বিপাকে পড়ছেন শিশু ও বয়স্করাও।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, পঞ্চগড়ে তাপমাত্রা ক্রমেই কমছে। আগামী দিনগুলোতে তাপমাত্রা আরও কমতে পারে। এতে এ অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।








