শিরোনাম
দীপ্ত নিউজ
বাংলাদেশ

রয়টার্সের প্রতিবেদন

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

শ্রমিক অসন্তোষ, উৎপাদন ব্যাহত হওয়া এবং উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় বাংলাদেশ থেকে পোশাকের ক্রয়াদেশ সরিয়ে নিচ্ছে বৈশ্বিক ফ্যাশন ব্র্যান্ডগুলো। জারা, এইচঅ্যান্ডএম, মার্কস অ্যান্ড স্পেন্সারসহ কয়েকটি আন্তর্জাতিক ব্র্যান্ড নভেম্বরের প্রথমার্ধে বাংলাদেশ থেকে প্রায় ২৫৪ কোটি ডলারের ক্রয়াদেশ সরিয়ে নিয়েছে।

এর বড় অংশই গেছে প্রতিবেশী দেশ ভারতে। এতে দেশের তৈরি পোশাক খাতের প্রতিযোগিতামূলক সক্ষমতা ও ভবিষ্যৎ রপ্তানি ব্যবসা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বাংলাদেশের তিনটি তৈরি পোশাক কারখানার মালিকের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

তাদের মতে, নভেম্বরের প্রথম ১৮ দিনে সরিয়ে নেওয়া এসব অর্ডার বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান খাতের জন্য বড় ধাক্কা। চলমান অস্থিরতা কাটিয়ে ওঠার পরও এর প্রভাব দীর্ঘস্থায়ী হতে পারে।

শিল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, শ্রমিকদের মজুরি বৃদ্ধি, জ্বালানি সংকট ও রাজনৈতিক অনিশ্চয়তার কারণে বাংলাদেশের কম উৎপাদন ব্যয়ের সুবিধা ক্রমেই কমছে। এসব কারণে আন্তর্জাতিক ক্রেতারা পোশাকের উৎস হিসেবে বিকল্প দেশগুলোর দিকে ঝুঁকছেন। বর্তমানে চীনের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ বাংলাদেশ।

বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) হিসাব অনুযায়ী, শ্রমিক অসন্তোষের কারণে পোশাক খাতে ৪০০ মিলিয়ন বা ৪০ কোটি ডলারের বেশি উৎপাদন ক্ষতি হয়েছে। দেশের মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি আসে এ খাত থেকে। পাশাপাশি দেশের উৎপাদন খাতের প্রায় ৪০ শতাংশ কর্মসংস্থানও তৈরি পোশাকশিল্পের ওপর নির্ভরশীল।

অর্ডার সরিয়ে নেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি সুবিধা পাচ্ছে ভারত। এ ছাড়া সরবরাহব্যবস্থার ঝুঁকি কমানো এবং সময়মতো পণ্য সরবরাহ নিশ্চিত করতে ভিয়েতনাম, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়ার দিকেও ঝুঁকছেন আন্তর্জাতিক ক্রেতারা বলে জানিয়েছেন শিল্প খাতের নেতারা।

গত বুধবার তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩৬ শতাংশ বাড়ানোর অনুমোদন দিয়েছে বাংলাদেশ সরকার। তবে গত চার দশকের মধ্যে এ বৃদ্ধির হার সবচেয়ে কম। শ্রমিকদের দাবি ছিল, মজুরি দ্বিগুণেরও বেশি বাড়াতে হবে। ফলে নতুন মজুরি কাঠামো ঘোষণার পরও অসন্তোষ কাটেনি। পুলিশের সঙ্গে শ্রমিকদের নতুন করে সংঘর্ষের ঘটনাও ঘটেছে।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আবদুর রহমান তরফদার অবশ্য নতুন মজুরি বৃদ্ধিকে ‘সন্তোষজনক’ বলে উল্লেখ করেছেন। শনিবার থেকে সব পোশাকশ্রমিক কাজে ফিরবেন বলে আশা প্রকাশ করেছেন তিনি।