
শীতের আমেজ ছড়িয়ে পড়েছে পঞ্চগড়, তাপমাত্রা ১৩.৬ ডিগ্রি

হিমালয়ঘেঁষা জেলা পঞ্চগড় জেঁকে বসতে শুরু করেছে শীত। দিন যত গড়াচ্ছে, ততই কমছে তাপমাত্রা। রাত ও সকালে শীতের আগমনী বার্তা দিচ্ছে পাহাড়ি হিম বাতাস ।
শুক্রবার (২০ নভেম্বর) সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। একই সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৯৮ শতাংশ।
এর আগের দিন বৃহস্পতিবার (১৯ নভেম্বর) একই সময়ে তাপমাত্রা ছিল ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
কাঁচামাল ব্যবসায়ী অলিউর রহমান বলেন, গত কয়েকদিনের তুলনায় দুইদিন ধরে শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে। বিশেষ করে সকালে ও রাতে বেশি অনুভূত হচ্ছে। সকালে কাজে বের হলে হাড় কাঁপানো শীত অনুভূত হচ্ছে।
মোটরসাইকেল আরোহী কামরুল ইসলাম বলেন, দিনের বেলা গরম আবহাওয়া থাকলেও সন্ধ্যার পর থেকেই শীত নামতে শুরু করছে। এতে রাত থেকে সকাল পর্যন্ত ঠান্ডা অনুভূত হয়। আবহাওয়ার যে অবস্থা দেখা যাচ্ছে তাতে এবার শীতের তীব্রতা গতবারের চেয়ে বাড়তে পারে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, শুক্রবার সকাল ৬টায় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৯৮ শতাংশ। রাতে ও ভোরে তাপমাত্রা কমে যাওয়ায় শীতের অনুভূতি বাড়ছে। বিশেষ করে ভোরে ও সকালে হালকা শীত অনুভূত হচ্ছে।
এসএ








