শিরোনাম
ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম পশ্চিম এশিয়ায় সামরিক উপস্থিতি বাড়াল যুক্তরাষ্ট্র দাপুটে জয়ে সিরিজে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী মুকসুদপুর থানায় আগুন দিলো কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’
ছবি: সংগৃহীত

চীনে প্রায় ৮০ মিনিটের বৈঠক শেষে যৌথভাবে ‘শান্তি ঘোষণা’ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বৈঠক শেষে প্রকাশিত যৌথ বিবৃতিতে তিন নেতা আন্তর্জাতিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার অঙ্গীকার করেছেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এশিয়া–প্যাসিফিক ইকোনমিক কো–অপারেশন (এপেক) সম্মেলনের ফাঁকে শেনজেনের কাইলিন ভিলায় তারা এই বৈঠকে বসেন।

শান্তি ঘোষণায় পারমাণবিক যুদ্ধের ভয়াবহতা তুলে ধরে বলা হয়েছে, এ ধরনের যুদ্ধে জয়ী হওয়া সম্ভব নয় এবং এমন যুদ্ধ কখনোই করা উচিত নয়।

পাশাপাশি পারমাণবিক ঝুঁকি কমানো, পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ, জাতিসংঘের সংস্কার এবং জ্বালানি সরবরাহ বাড়ানোর বিষয়ে সহযোগিতার কথা বলা হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ আদালতসহ (আইসিসি) এ ধরনের প্রতিষ্ঠানের এখতিয়ার অপব্যবহার না করার বিষয়েও একমত হয়েছেন তিন নেতা।

এর আগে বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে এই তিন নেতা উপস্থিত থাকলেও যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার রাষ্ট্রপ্রধানদের মধ্যে একান্তে ত্রিপক্ষীয় বৈঠকের ঘটনা ইতিহাসে এটিই প্রথম।

বৈঠক শুরুর আগে তিন দেশের পতাকা সজ্জিত মঞ্চে ছবির জন্য দাঁড়ান তারা। নীল রঙের পটভূমিতে চীনা, রুশ ও ইংরেজি ভাষায় লেখা ছিল চীন–রাশিয়া–যুক্তরাষ্ট্র শেনজেন শীর্ষ সম্মেলন।

এ সময় মাঝখানে দাঁড়ান শি জিনপিং এবং তার বাঁ পাশে ট্রাম্প ও ডান পাশে পুতিন অবস্থান নেন। এরপর কক্ষের ভেতরে একটি বিশাল কাঠের টেবিলের চারপাশে বসে আলোচনায় অংশ নেন তারা।

বৈঠকের শুরুতে শি জিনপিং বলেন, প্রধান শক্তিগুলোর মধ্যে ইতিবাচক যোগাযোগ কোনো ঐচ্ছিক বিষয় নয়, বরং এটি অপরিহার্য।

এরপর পুতিন ইউক্রেন যুদ্ধের অবসানে অভিন্ন স্বার্থের কথা উল্লেখ করেন। খাদ্য ও জ্বালানি নিরাপত্তার বিষয়ও আলোচনায় আসবে বলে জানান তিনি।

অন্যদিকে ট্রাম্প বলেন, বিশ্বের তিন বৃহৎ দেশের নেতাদের মধ্যে ফলপ্রসূ সংলাপ বজায় রাখার বিশেষ দায়িত্ব রয়েছে। অতীতে মতবিরোধ থাকা দেশগুলোর নেতারা প্রায়ই আলোচনা এড়িয়ে যেতেন উল্লেখ করে তিনি বলেন, তারা এর বিপরীত পথে এগোতে চান।

তিন দেশের পারমাণবিক সক্ষমতার প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, বিশ্বে পারমাণবিক অস্ত্রের সংখ্যা কমানোর বিষয়ে আলোচনার জন্য তারা অনন্য অবস্থানে রয়েছেন।

পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধে একসঙ্গে কাজ করাও গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি। এ প্রসঙ্গে ইরানের কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, দেশটিকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না।

ইউক্রেন যুদ্ধ নিয়েও পুতিনের সঙ্গে তার দীর্ঘ আলোচনা হয়েছে বলে জানান ট্রাম্প। তিনি আশা প্রকাশ করেন, পুতিনসহ সংশ্লিষ্ট পক্ষগুলো যুদ্ধের অবসান চাইবে।

বৈঠকের পর পুতিন সংবাদমাধ্যমের সামনে আলোচনাকে কূটনীতির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বর্ণনা করেন। তবে ইউক্রেন যুদ্ধের অবসানের বিষয়ে কিয়েভ ও ইউরোপ এখনো সমঝোতায় প্রস্তুত নয় বলে অভিযোগ করেন তিনি।

বৈঠকটিকে ১৯৪৫ সালের ইয়াল্টা সম্মেলনের সঙ্গে তুলনা করার প্রসঙ্গেও কথা বলেন রুশ প্রেসিডেন্ট।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নেতাদের ওই সম্মেলনের কথা উল্লেখ করে তিনি বলেন, সেখানে কেউ বিশ্বকে ভাগ করে নেয়নি, বরং যুদ্ধ–পরবর্তী বাস্তবতাকে স্বীকৃতি দেওয়া হয়েছিল। বর্তমান সংঘাতের ক্ষেত্রেও মাঠপর্যায়ের বাস্তবতা মেনে নেওয়ার প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

খবরে বলা হয়েছে, ত্রিপক্ষীয় বৈঠকের ধারণাটি প্রথম দিয়েছিলেন পুতিন। ইউক্রেনে ২০২২ সালে রাশিয়ার পূর্ণমাত্রার আক্রমণ শুরুর পর পশ্চিমা দেশগুলোর অনেক নেতা পুতিনকে আন্তর্জাতিকভাবে একঘরে করার চেষ্টা করেছিলেন। এ পরিস্থিতিতে এপেক সম্মেলনের মতো আন্তর্জাতিক আয়োজনে তার অংশগ্রহণকে রুশ সংবাদমাধ্যমগুলো কূটনৈতিক সাফল্য হিসেবে দেখছে।