দীপ্ত নিউজ
জাতীয়

পোশাক শ্রমিকদের মজুরি বোর্ডের স্থগিত সভা ২৩ নভেম্বর

সুমাইয়া আক্তার
সুমাইয়া আক্তার
প্রকাশ:
পোশাক শ্রমিকদের মজুরি বোর্ডের স্থগিত সভা ২৩ নভেম্বর
ছবি: সংগৃহীত

তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি নির্ধারণে মজুরি বোর্ডের স্থগিত তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর (সোমবার) অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে বোর্ড সচিব রাইসা আফরোজ সই করা এক নোটিসে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

নতুন সূচি অনুসারে সোমবার (২৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর বিজয়নগর ‘শ্রম ভবনে‘ অনুষ্ঠেয় এ সভায় সভাপতিত্ব করবেন বোর্ড চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।

এর আগে, সোমবার (১৬ নভেম্বর) শ্রম ভবনে তৃতীয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে বোর্ডের একজন সদস্য অসুস্থ হয়ে পড়ায় শেষ মুহূর্তে সভা স্থগিত করা হয়।

গত ৯ নভেম্বর বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ সর্বনিম্ন ৩২ হাজার টাকা মজুরির প্রস্তাব দেয়। মালিকপক্ষ সেদিন প্রস্তাব দিতে না পারায় তাদের ৪ কার্যদিবস সময় দেওয়া হয়েছিল।

গত ১ নভেম্বর তৈরি পোশাকশিল্পের জন্য নতুন নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার।

সর্বশেষ ২০২৩ সালের নভেম্বরে তৈরি পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা করা হয়, যা কার্যকর হয় ওই বছরের ডিসেম্বর থেকে। সে হিসাবে চলতি নভেম্বরে বর্তমান মজুরি কাঠামোর মেয়াদ শেষ হচ্ছে।

২০২৩ সালে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছিল। এতে মজুরি বেড়েছিল ৫৬ দশমিক ২৫ শতাংশ।