দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের খরচ বহন করবে ইসরায়েলসহ ছয় দেশ: ট্রাম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ইরান যুদ্ধের খরচ বহন করবে ইসরায়েলসহ ছয় দেশ: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা ছাড়া ইরান যুদ্ধে ইসরায়েলের কোনো অস্তিত্বই থাকত না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই প্রথমবারের মতো প্রকাশ্যে এমন দাবি করলেন তিনি। শুধু তা–ই নয়, অস্তিত্ব টিকিয়ে রাখার বিনিময়ে তেল আবিবসহ মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোর কাছ থেকে যুদ্ধের ক্ষতিপূরণ বা ব্যয় আদায় করার ঘোষণাও দিয়েছেন ট্রাম্প।

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ কথা বলেন।সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের পারমাণবিক অস্ত্রভাণ্ডার ধ্বংস না করতো, তবে এতদিনে মানচিত্র থেকে ইসরায়েলের নাম পুরোপুরি মুছে যেত।এছাড়া যুদ্ধ চলাকালে সামরিক সুরক্ষা এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে নিরাপত্তা দেওয়ার বিনিময়ে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন ও কুয়েতের কাছ থেকেও যুদ্ধের খরচ বুঝে নেওয়া হবে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির ভরাডুবির পরপরই মিত্র দেশগুলোকে এভাবে নিশানা করে বিশ্বজুড়ে আলোচনা–সমালোচনার জন্ম দিয়েছেন ট্রাম্প। প্রশ্ন উঠেছে সত্যিই কি মিত্রদের কাছ থেকে যুদ্ধের ক্ষতিপূরণ আদায় করবেন তিনি, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রাজনৈতিক সমীকরণ?

বিশ্লেষকদের মতে, মধ্যবর্তী নির্বাচনে দলের ভরাডুবির পর জনগণের নজর অন্যদিকে ঘোরাতে সাধ্যের সবটুকুই করছেন ট্রাম্প। যুদ্ধের ক্ষতিপূরণ আদায়ের এই ঘোষণাটিকেও তার একটি ‘রাজনৈতিক চাল‘ হিসেবে দেখছেন অনেকে। তবে ইসরায়েলের কাছ থেকে অর্থ আদায়ের ব্যাপারে ট্রাম্প বেশ সিরিয়াস বলেই ধারণা করা হচ্ছে।

ক্ষতিপূরণ আদায় কতটা সম্ভব?

ট্রাম্পের এই বক্তব্য নিছক কৌশল না হয়ে যদি সত্যিও হয়, তবুও মিত্রদের কাছ থেকে ওয়াশিংটন এই বিপুল অর্থ আদায় করতে পারবে কি না, তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে।

বিশ্লেষকরা বলছেন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন ও কুয়েত নিজেরা সরাসরি যুদ্ধে না জড়িয়েও এর প্রভাবে ব্যাপক অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েছে। ফলে তারা নতুন করে যুক্তরাষ্ট্রের যুদ্ধের ব্যয় বহন করতে রাজি হবে না।

অন্যদিকে, ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করলে দুই দেশের মধ্যকার গোয়েন্দা তথ্য বিনিময় এবং আঞ্চলিক নিরাপত্তার দীর্ঘদিনের সুসম্পর্ক ভেস্তে যাওয়ার শঙ্কা রয়েছে। এমন পরিস্থিতিতে সরাসরি ক্ষতিপূরণ আদায়ের ঝুঁকি না নিয়ে, মিত্র দেশগুলোর সঙ্গে অস্ত্র বিক্রিসহ বিভিন্ন বাণিজ্যিক চুক্তির মাধ্যমে অর্থ তুলে নেওয়ার পথে হাঁটতে পারে ওয়াশিংটন।

যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় কত? মার্কিন সামরিক বাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী, গত অক্টোবরের মাঝামাঝি সময় পর্যন্ত ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ হয়েছে ৪ হাজার ৭১০ কোটি ডলার। তবে মার্কিন কংগ্রেসের বাজেট সংক্রান্ত কার্যালয় পূর্বাভাস দিয়েছে, এই যুদ্ধ দীর্ঘায়িত হলে প্রতি মাসে যুক্তরাষ্ট্রের আরও ২০০ থেকে ৩০০ কোটি ডলার অতিরিক্ত খরচ হবে।