
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্য অনুযায়ী, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং এর সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এই কর্মসূচিতে অংশ নেন।
রবিবার (১৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে গোপালগঞ্জ শহরের প্রধান সড়কগুলোতে এই বিক্ষোভ মিছিল বের করা হয়।
স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, মিছিলে অংশগ্রহণকারী হাজার হাজার সমর্থককে লগি–বৈঠা ও বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত অবস্থায় দেখা গেছে। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে।
এ সময় বিক্ষোভকারীরা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এরপর কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত জেলা আওয়ামী লীগের পার্টি অফিস খুলে দেয় বিক্ষোভকারীরা।
এদিকে জেলার আইন–শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে পুলিশের পাশাপাশি অতিরিক্ত ৬ প্লাটুন বিজিবি মোতায়ন করা হয়েছে।








