
জলবায়ু তহবিল থেকে ৩০ মিলিয়ন ডলার পাচ্ছে বাংলাদেশ

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশকে সর্বোচ্চ ৩০ মিলিয়ন মার্কিন ডলার অর্থায়নের জন্য নির্বাচিত করেছে ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডস (সিআইএফ)।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১ চলাকালে এ ঘোষণা দেয় সিআইএফ।
সংস্থাটির নতুন প্রজন্মের জলবায়ু সহনশীলতা কর্মসূচি ‘অ্যারাইজ’–এর প্রথম পর্যায়ে বাংলাদেশসহ ৫টি দেশ এবং একটি আঞ্চলিক প্রকল্পকে নির্বাচিত করা হয়েছে।
অ্যারাইজের পূর্ণ নাম ‘অ্যাক্সিলারেটিং রেজিলিয়েন্স ইনভেস্টমেন্টস অ্যান্ড ইনোভেশনস ফর সাসটেইনেবল ইকোনমিজ’। এ কর্মসূচির আওতায় প্রতিটি নির্বাচিত দেশ সর্বোচ্চ ৩০ মিলিয়ন ডলার অর্থায়নের জন্য বিনিয়োগ পরিকল্পনা তৈরি করতে পারবে। আর আঞ্চলিক প্রকল্পের জন্য সর্বোচ্চ ৪০ মিলিয়ন ডলার চাওয়া যাবে।
বাংলাদেশ ছাড়াও প্রথম পর্যায়ে নির্বাচিত হয়েছে— কিরগিজ প্রজাতন্ত্র, হাইতি, মরক্কো ও সিয়েরা লিওন। পাশাপাশি মালাউই ও মোজাম্বিককে নিয়ে একটি আঞ্চলিক কর্মসূচি নেয়া হয়েছে।
সিআইএফ জানিয়েছে, এ কর্মসূচির জন্য বিভিন্ন দেশ থেকে ৭০০ মিলিয়ন ডলারের বেশি সম্ভাবনাময় বিনিয়োগ প্রস্তাব পাওয়া গেছে। এর মধ্যে ২৫টি প্রস্তাবকে বিনিয়োগের উপযোগী হিসেবে চিহ্নিত করা হয়েছে। কৃষি ও খাদ্যব্যবস্থা, পানির নিরাপত্তা, অবকাঠামো, জ্বালানি, উপকূলীয় সুরক্ষা, সামুদ্রিক অর্থনীতি, প্রাকৃতিক সম্পদ এবং সামাজিক সুরক্ষার মতো খাতে এসব বিনিয়োগের সুযোগ রয়েছে।
এদিকে, সফরের শেষ দিনের কর্মসূচি নিয়ে বাংলাদেশ প্যাভিলিয়নে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, বাংলাদেশের তরুণ জলবায়ুকর্মীদের তৎপরতার ফলে এ অনুদানের প্রতিশ্রুতি আদায় করা সম্ভব হয়েছে।
তিনি আরও বলেন, অনুদানের অর্থ পাওয়া গেলে উপকূলীয় জনগোষ্ঠীর দুর্যোগঝুঁকি কমানো এবং জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত উপকূলীয় এলাকার মানুষের জীবনমান উন্নয়নে ব্যয় করা হবে। সরকার চাইলে এ অর্থ সবুজায়নের কাজেও ব্যয় করতে পারবে। তবে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর স্বার্থকে অগ্রাধিকার দিয়ে অর্থ ব্যয় করা হবে।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ।








