
বেদেপল্লীতে অভিযানে সাড়ে ১৭ লাখ টাকাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার

ফেনী শহরতলীর লালপোল বেদেপল্লীতে মাদকবিরোধী অভিযানে নগদ ১৭ লাখ ৫১ হাজার ৬০০ টাকা, ৬০০টি ইয়াবা বড়ি, ৩০ লিটার চোলাই মদ ও টাকা গণনার একটি মেশিন জব্দ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এ সময় ১৪ জনকে আটক করা হয়েছে। তবে মাদক কারবারের নিয়ন্ত্রণে থাকা ব্যক্তিরা অভিযানের সময় পালিয়ে যাওয়ায় তাঁদের আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (১১ নভেম্বর) বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত তিন ঘণ্টা ধরে এ অভিযান চলে। এতে পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য অংশ নেন।
ফেনী মডেল থানা–পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে মাদক ও নগদ টাকা ছাড়াও মাদক কারবারে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
অভিযানে উপস্থিত অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুম বলেন, লালপোল বেদেপল্লীতে মাদক কারবারের বিষয়টি সবার জানা। এ কারণে পুলিশ সেখানে নিয়মিত অভিযান চালাচ্ছে। তবে বিপুলসংখ্যক পুলিশ সদস্য নিয়ে অভিযান পরিচালনা করলেও আগাম খবর পেয়ে মূল কারবারিরা পালিয়ে যান। সোহেল, তারেক ও শিরিন নামের তিন ব্যক্তি সেখানকার মাদক কারবার নিয়ন্ত্রণ করেন বলে পুলিশের কাছে তথ্য রয়েছে। তাঁদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
অভিযানে অংশ নেওয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মজিবুর রহমান বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় বেদেপল্লীতে নিয়মিত অভিযান চালানো হবে। মাদকমুক্ত ফেনী গড়ে তুলতে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
লালপোল বেদেপল্লীতে মাদক কারবার নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের অভিযোগও রয়েছে। ২০২৫ সালের ৩০ জুন স্থানীয় সূত্রে জানা যায়, মাদক কারবারের নিয়ন্ত্রণ নিয়ে মোহাম্মদ সোহেল ও সাহাব উদ্দিনের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে সাহাব উদ্দিনের নেতৃত্বে ৩০ থেকে ৩৫ জনের একটি দল বেদেপল্লীতে হামলা চালিয়ে দোকান ও বসতঘর ভাঙচুর করে বলে অভিযোগ ওঠে।
ওই সময় স্থানীয় কয়েকজন বাসিন্দা আবুল হাশেম ওরফে সোহেলকে বেদেপল্লীর মাদক কারবারের নিয়ন্ত্রক হিসেবে উল্লেখ করেন। তাঁর সহযোগী হিসেবে শ্যালিকা শিরিন আক্তার নাসরিন, মোটা রুবেল, প্রক্সি রুবেল, বাবলু ও পারভেজের নামও উঠে আসে। অন্যদিকে সাহাব উদ্দিনও সোহেলের বিরুদ্ধে মাদক কারবার নিয়ন্ত্রণের অভিযোগ করেছিলেন। তবে নিজের বিরুদ্ধে হামলা ও চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করেন তিনি। সোহেলের বক্তব্য নেওয়ার চেষ্টা করেও তখন তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এর আগে ২০২৫ সালের ১৪ জানুয়ারি জেলা প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে সেখানে অভিযান চালানো হয়। ওই অভিযানে আটজনকে গ্রেপ্তার করা হয়। আরও চারজনকে পলাতক দেখিয়ে ১২ জনের বিরুদ্ধে মামলা করার তথ্য জানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তখন ৯২টি ইয়াবা বড়ি, ১ কেজি ১৫০ গ্রাম গাঁজা, মাদক বিক্রির ১০ হাজার টাকা ও স্বর্ণালংকার জব্দ করা হয়েছিল।
চলতি বছরের ১৭ আগস্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে পাঁচজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের প্রত্যেককে পাঁচ দিনের কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেন। ছয় দিন পর ২৩ আগস্ট রাতে ফেনী মডেল থানা–পুলিশ আবারও অভিযান চালিয়ে ১৭ জনকে আটক করে। সর্বশেষ গত ৯ নভেম্বর লালপোল এলাকার মাদরাসা রোডে মাদকবিরোধী অভিযানে চারজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়।
ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত লালপোল বেদেপল্লীতে প্রায় ৮০ থেকে ১০০টি পরিবারের বসবাস। ভৌগোলিক অবস্থানের কারণে এলাকাটি মাদক পাচারের সহজ রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
বেদেপল্লী উচ্ছেদের বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার নিশাত তাবাসসুম বলেন, উচ্ছেদ কার্যক্রম পরিচালনার জন্য জেলা আইনশৃঙ্খলা কমিটির মাধ্যমে একটি কমিটি গঠন করা হয়েছে। কার্যক্রম চলমান রয়েছে। সেখানে অনেক মানুষের বসবাস থাকায় এক দিনে উচ্ছেদ করা সম্ভব নয়। তবে দ্রুত উচ্ছেদ কার্যক্রম শুরু হবে। উচ্ছেদ না হওয়া পর্যন্ত পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
ফেনী মডেল থানার পরিদর্শক (অপারেশন) সাজেদ কামাল বলেন, জব্দ করা মাদক, মাদক বিক্রির টাকা ও বিভিন্ন সরঞ্জামের বিষয়ে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আটক ১৪ জনের বিরুদ্ধে মামলা করে আদালতে পাঠানো হবে।
আবদুল্লাহ আল–মামুন








