
বিশ্ব বিজ্ঞান একাডেমির ফেলো হলেন বাংলাদেশের ৭ বিজ্ঞানী

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের বিজ্ঞানীদের জন্য এসেছে বড় স্বীকৃতি। উন্নয়নশীল বিশ্বের বিজ্ঞান ও গবেষণাবিষয়ক আন্তর্জাতিক সংস্থা দ্য ওয়ার্ল্ড একাডেমি অব সায়েন্সেসের (টিডব্লিউএএস) ফেলো নির্বাচিত হয়েছেন বাংলাদেশের সাতজন বিজ্ঞানী। ভূতত্ত্ব, কৃষিবিজ্ঞান, ওষুধ রসায়ন, পরিবেশবান্ধব প্রযুক্তি, কম্পিউটার বিজ্ঞান ও পদার্থবিজ্ঞানে অবদানের স্বীকৃতি হিসেবে তারা এ মর্যাদা পেয়েছেন।
একই সঙ্গে পরিবেশ ও কৃষিবিজ্ঞান গবেষণায় বিশেষ অবদানের জন্য টিডব্লিউএএসের ‘ফায়জাহ এম. আল–খারাফি অ্যাওয়ার্ড’ পেয়েছেন শের–ই–বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কামরুন নাহার। ফলে ফেলো নির্বাচিত হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক এই একাডেমির কাছ থেকে বিশেষ পুরস্কারও অর্জন করেছেন তিনি।
সম্প্রতি অনলাইনে অনুষ্ঠিত টিডব্লিউএএসের বার্ষিক সাধারণ সভায় নতুন ফেলোদের নাম ঘোষণা করা হয়। চলতি বছর বিশ্বের বিভিন্ন দেশের মোট ৮৭ জন বিজ্ঞানীকে ২০২৭ মেয়াদের জন্য ফেলো হিসেবে নির্বাচিত করেছে সংস্থাটি। তাঁদের মধ্যে রয়েছেন বাংলাদেশের সাতজন। নির্বাচিত সাত বিজ্ঞানীই বাংলাদেশ বিজ্ঞান একাডেমির (বিএএস) সদস্য।
বাংলাদেশ থেকে নির্বাচিত বিজ্ঞানীরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. কাজী মতিন উদ্দিন আহমেদ; শের–ই–বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কামরুন নাহার; সুপ্রিম সিড কোম্পানি লিমিটেডের রাইস রিসার্চ সেন্টারের পরিচালক ও বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালক ড. মোহাম্মদ আবদুল লতিফ।
এ ছাড়া রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মোহাম্মদ আবদুর রশীদ; ইকোটেক্স লিমিটেডের রিসার্চ ল্যাবের বৈজ্ঞানিক উপদেষ্টা ড. মুবারক আহমদ খান; বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সোহেল রহমান এবং একই বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও পোস্টগ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের সহযোগী ডিন অধ্যাপক ড. এ কে এম আখতার হোসেন।
টিডব্লিউএএসের আন্তর্জাতিক জুরি ও নির্বাহী পরিষদ সংশ্লিষ্ট বিজ্ঞানীদের গবেষণা ও অবদানের মূল্যায়ন করে তাঁদের ফেলো হিসেবে নির্বাচিত করেছে। তাঁদের কাজের ক্ষেত্রের মধ্যে রয়েছে ভূতত্ত্ব ও ভূগর্ভস্থ পানির সুরক্ষা, কৃষিবিজ্ঞান, ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি, পরিবেশবান্ধব পাট প্রযুক্তি, কম্পিউটার বিজ্ঞান এবং কোয়ান্টাম পদার্থবিজ্ঞান।
বিশেষ করে অধ্যাপক ড. কামরুন নাহার পরিবেশ ও কৃষিবিজ্ঞান গবেষণায় অবদানের জন্য ‘টিডব্লিউএএস–ফায়জাহ এম. আল–খারাফি অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন। আন্তর্জাতিক পর্যায়ে বিজ্ঞান ও গবেষণায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার দেওয়া হয়। তার এই অর্জন বাংলাদেশের কৃষি ও পরিবেশবিষয়ক গবেষণার জন্যও গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।
বাংলাদেশ বিজ্ঞান একাডেমির কাউন্সিলের সহযোগী সম্পাদক অধ্যাপক তোফাজ্জল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন ফেলো নির্বাচিত এবং পুরস্কারপ্রাপ্ত বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন।








