শিরোনাম
দীপ্ত নিউজ
জাতীয়

আমন মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল কিনবে সরকার, দাম নির্ধারণ

সুমাইয়া আক্তার
সুমাইয়া আক্তার
আমন মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল কিনবে সরকার, দাম নির্ধারণ
ছবি: সংগৃহীত

চলতি আমন মৌসুমে ৩ লাখ মেট্রিক টন ধান এবং ৫ লাখ ৫০ হাজার মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।

এর মধ্যে সিদ্ধ চাল ৫ লাখ মেট্রিক টন এবং আতপ চাল ৫০ হাজার মেট্রিক টন কেনা হবে। প্রতি কেজি ধানের সংগ্রহমূল্য ৩৫ টাকা, সিদ্ধ চাল ৪৯ টাকা এবং আতপ চাল ৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

রবিবার (৮ নভেম্বর) সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটি সভা শেষে এ তথ্য জানান খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।

তিনি জানান, আগামী ১৪ নভেম্বর থেকে আমন ধান সংগ্রহ শুরু হয়ে কার্যক্রম চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। অন্যদিকে, চাল সংগ্রহ কার্যক্রম শুরু হবে ১ ডিসেম্বর থেকে, যা চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।।

খাদ্যমন্ত্রী বলেন, ‘আমরা ৩ লাখ টন আমন ধানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করলেও তা বাড়তে পারে। কৃষকরা যদি নির্ধারিত পরিমাণের চেয়ে বেশি ধান বিক্রি করতে চান, সেই সুযোগও রাখা হয়েছে। কৃষকের যেন কোনো ক্ষতি না হয়, প্রধানমন্ত্রী সে নির্দেশনাই দিয়েছেন।’

তিনি আরও জানান, খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটি (এফপিএমসি) সভায় দেশের সার্বিক খাদ্য পরিস্থিতি, আমন সংগ্রহ কার্যক্রম, খাদ্যশস্যের মজুদ, সরকারি বিতরণ ব্যবস্থা এবং খাদ্যশস্য আমদানি বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

খাদ্যমন্ত্রী বলেন, ‘নির্বাচনি ইশতেহার ২০২৬’–এর প্রতিশ্রুতি অনুযায়ী বর্তমান সরকারের মূল লক্ষ্য হলো বৈষম্যহীন অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন এবং টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা অর্জন। সেই লক্ষ্যে একটি আধুনিক কৃষিব্যবস্থা গড়ে তোলার কাজ চলছে।

কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করাকেই এই সংগ্রহ অভিযানের মূল চালিকাশক্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে জানান মন্ত্রী।

সভায় খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী এবং খাদ্য সচিব আবু তাহের মো. মাসুদ রানাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বছর সরকার প্রতি কেজি সিদ্ধ চাল ৫০ টাকা, আতপ চাল ৪৯ টাকা এবং ধান ৩৪ টাকায় কিনেছিল। মোট ধান কেনা হয়েছিল ১ লাখ ৫৩ হাজার মেট্রিক টন। আর চাল সংগ্রহ করা হয়েছিল ৯ লাখ মেট্রিক টন।