
হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

ঢাকা–সিলেট মহাসড়কের নবীগঞ্জে কাভার্ডভ্যানের ধাক্কায় রাস্তায় দাঁড়ানো সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন।
এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। তাদেরকে সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের নাম পরিচয় জানা যায়নি।
শনিবার (০৭ নভেম্বর) মহাসড়কের নবীগঞ্জ উপজেলার বড়চর এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন, নবীগঞ্জ উপজেলার জাহিদপুর গ্রামের সাইদুর রহমান (২৪) ও বাহুবল উপজেলার কল্যাণপুর গ্রামের গোবিন্দ্র পালের ১১ মাসের ছেলে ইররাজ পাল।
বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী।
পুলিশ জানায়, রাস্তায় দাঁড়ানো একটি সিএনজিচালিত অটোরিকশাকে সিলেটগামী একটি কাভার্ডভ্যান ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত ২ জনকে সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।
ওসি আরও জানান, নিহতদের প্রয়োজনীয় কাজ শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।








