
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৮৬

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৮৬ জন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা ও চট্টগ্রাম বিভাগে দুজন করে এবং খুলনা ও রংপুর বিভাগে একজন করে ডেঙ্গুতে মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৪১৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে অক্টোবরেই মারা গেছে ১৭০ জন । এছাড়া সেপ্টেম্বরে সর্বোচ্চ ১৪৮ জন, আগস্টে ৪৩, জুলাইয়ে ৩৬, জুনে ১৩ , মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে ৭৫৫ জন। এছাড়া চট্টগ্রামে ২৭২ জন, খুলনায় ২৬৪ জন, বরিশালে ২২৯ জন, রাজশাহীতে ১৮৮ জন, ময়মনসিংহে ৮৯ জন, রংপুরে ৭৮ জন এবং সিলেট বিভাগে ১১ জন রোগী ভর্তি হয়েছেন।
এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩২ হাজার ১০৫ জনে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ২৫ হাজার ৪৩৯ জন।






এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।