
ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে ২ হাজার ৭১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের হালনাগাদ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৪০০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে অক্টোবরেই মারা গেছেন ১৫৫ জন।
এছাড়া, সেপ্টেম্বরে ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে ৮৯৯ জন।
এছাড়া, চট্টগ্রামে ২৪১ জন, খুলনায় ২৫০ জন, বরিশালে ২১৭ জন, রাজশাহীতে ২২৯ জন, ময়মনসিংহে ৯৭ জন এবং রংপুরে ১১২ জন রোগী ভর্তি হয়েছেন।
অধিদপ্তর আরও জানিয়েছে, সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ হাজার ৭১ জন ভর্তি হয়েছেন।
এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৮ হাজার ২৩৭ জনে। এ পর্যন্ত মোট ১ লাখ ২১ হাজার ৪২২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।






এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।