দীপ্ত নিউজ
শিক্ষা

বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল বুধবার (২১ অক্টোবর)। প্রতিষ্ঠার পর থেকে দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে বিশ্ববিদ্যালয়টি। বর্তমানে এর অধিভুক্ত ২ হাজার ৩১৮টি কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ৪০ লাখ শিক্ষার্থী অধ্যয়ন করছেন।

১৯৯২ সালের ২০ অক্টোবর মহান জাতীয় সংসদে ৩৭ নম্বর আইন পাসের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়। পরদিন গেজেট প্রজ্ঞাপন জারির মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠা কার্যকর হয়। দেশের উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং কলেজশিক্ষার সমন্বিত ব্যবস্থাপনা নিশ্চিত করার ক্ষেত্রে এ উদ্যোগ ছিল একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে প্রতিষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্যতম লক্ষ্য ছিল সাধারণ মানুষের জন্য উচ্চশিক্ষার সুযোগ বাড়ানো, বিদ্যমান বিশ্ববিদ্যালয়গুলোর ওপর শিক্ষার্থীদের ক্রমবর্ধমান চাপ কমানো এবং জেলা–উপজেলা পর্যায়ে কলেজশিক্ষার কার্যকর ব্যবস্থাপনা নিশ্চিত করা।

প্রতিষ্ঠার পর থেকে মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত ও প্রান্তিক পরিবারের তরুণ–তরুণীদের উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে প্রতিষ্ঠানটি। বিশেষ করে দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার আওতায় আনার ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভূমিকা উল্লেখযোগ্য।

বিশ্ববিদ্যালয়টির তথ্য অনুযায়ী, বর্তমানে এর অধীনে ২ হাজার ৩১৮টি কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ৪০ লাখ শিক্ষার্থী পড়াশোনা করছেন। এসব প্রতিষ্ঠানে শিক্ষক রয়েছেন এক লাখেরও বেশি।

দেশের উচ্চশিক্ষার প্রায় ৭০ শতাংশ পরিচালিত হয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতায়। এ বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক ডিগ্রি অর্জন করা এক কোটিরও বেশি গ্র্যাজুয়েট দেশে–বিদেশে শিক্ষা, প্রশাসন, ব্যবসা–বাণিজ্য, শিল্প, প্রযুক্তি ও সামাজিক উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখছেন।

পরিবর্তনশীল বিশ্বের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে উচ্চশিক্ষার মানোন্নয়নেও কাজ করছে জাতীয় বিশ্ববিদ্যালয়। চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাক্রম আধুনিকীকরণ, শিক্ষক প্রশিক্ষণের পরিধি বৃদ্ধি, সেশনজট নিরসন এবং গবেষণার সুযোগ সম্প্রসারণে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস ও নগর কার্যালয়ের প্রধান ফটক এবং বিভিন্ন ভবনে ব্যানার স্থাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়ার আয়োজনও করা হয়েছে।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।