বিয়ের বরযাত্রা মানেই গাড়ি কিংবা ঘোড়ার গাড়ি! কিন্তু এবার সব চেনা দৃশ্যকে পেছনে ফেলে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন পরিবারের একমাত্র ছেলে সাকিব। আর ব্যতিক্রমী এই বরযাত্রা দেখতে কনের বাড়িতে ভিড় করেন উৎসুক জনতা। ঘটনাটি ঘটেছে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায়।
শুক্রবার (৯ অক্টোবর) বিকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার ইদিলপুর ইউনিয়নের চকনদী গ্রামের নিজ বাড়ি থেকে হাতির পিঠে চড়ে কনের বাড়ির উদ্দেশে রওনা হন সাকিব।
মূলত মায়ের শখ পূরণ করতে প্রচলিত রীতি ভেঙে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন গাইবান্ধার সাদুল্লাপুরের সাকিব মিয়া (২৫)। কেউ দাঁড়িয়ে উপভোগ করেন বিরল এই দৃশ্য, আবার কেউ মুঠোফোনে ছবি এবং ভিডিও ধারণ করে স্মৃতি ধরে রাখেন।
সঙ্গে ছিলেন তাঁর একমাত্র দুলাভাই। আর পরিবারের অন্য সদস্য ও বরযাত্রীরা রওনা হন মাইক্রোবাসে।পরে সন্ধার দিকে ধাপেরহাট ইউনিয়নের হিংগারপাড়া গ্রামে কনের বাড়িতে পৌঁছান তাঁরা।
বর সাকিব চকনদী গ্রামের সাইদ আলীর ছেলে। তিনি একটি বেসরকারি সংস্থায় কর্মরত। আর কনে সুরাইয়া আক্তার হিংগারপাড়া গ্রামের খোকন মিয়ার বড় মেয়ে।
হাতির পিঠে বর আসার খবর ছড়িয়ে পড়তেই কনের বাড়ির আশপাশে ভিড় করেন উৎসুক মানুষ। শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষের চোখে–মুখে ছিল বিস্ময় আর কৌতূহল।
স্থানীয় বাসিন্দারা জানান, তাঁদের এলাকায় হাতির পিঠে চড়ে বর আসার ঘটনা এই প্রথম। তাই ব্যতিক্রমী এই বরযাত্রা দেখতে ছুটে আসেন অনেকেই।