দিনব্যাপী সফরে ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর ১টা ২৬ মিনিটে প্রধানমন্ত্রী বহনকারী বাস ফেনী সদর হাসপাতাল মোড় পৌঁছায়।
এ সময় সড়কজুড়ে উপস্থিত হাজারো নেতাকর্মী স্লোগান ও করতালির মাধ্যমে তাকে স্বাগত জানান।
সড়কের বিভিন্ন স্থান থেকে ‘প্রধানমন্ত্রীর আগমন, শুভেচ্ছা স্বাগতম’, ‘প্রধানমন্ত্রী তোমাকে, লাল গোলাপ শুভেচ্ছা’, ‘ফেনীবাসীর পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা’–এমন নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশ।
প্রধানমন্ত্রীর উপ–প্রেস সচিব হাসান শিপলু জানান, প্রধানমন্ত্রী আজ দুপুর সোয়া একটার দিকে ফেনী পৌঁছেছেন। তাঁর গাড়িবহর পরশুরাম উপজেলার দিকে যাচ্ছে।
এর আগে, সকাল ৮টা ৪০ মিনিটে সড়কপথে গুলশান বাসভবন থেকে ফেনী জেলার উদ্দেশে রওনা হন তারেক রহমান।
প্রসঙ্গত, গত ২৫ জানুয়ারি প্রায় দুই দশক সময় পর প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মৃতিবিজড়িত পৈতৃক ভিটা ফেনী এসেছিলেন তারেক রহমান। পরবর্তী সরকার গঠনের পর এটিই প্রধানমন্ত্রীর প্রথম ফেনী সফর।
এসএ