ঢাকায় নতুন বিনোদনকেন্দ্র ‘অ্যাকোয়ারিয়াম পার্ক’

Avatar photoSakib Zaman

কংক্রিটের যান্ত্রিক ঢাকায় ব্যস্ত জীবনের ক্লান্তি কাটাতে নগরবাসীর জন্য যুক্ত হয়েছে বিনোদনের এক নতুন ঠিকানা ‘অ্যাকোয়ারিয়াম পার্ক’।

ঢাকার আগারগাঁওয়ে মেট্রো স্টেশনের কাছে অবস্থিত বিমান বাহিনী জাদুঘর প্রাঙ্গণে সম্প্রতি চালু হয়েছে এই নান্দনিক পার্কটি। জলজ জীব বৈচিত্র্য, দৃষ্টিনন্দন কৃত্রিম জলপ্রপাত এবং পাখিশালার এক অপরূপ মেলবন্ধন ঘটেছে এখানে।

পার্কটিতে রয়েছে ছোট–বড় প্রায় ৩৫টি অ্যাকোয়ারিয়াম, যেখানে প্রদর্শিত হচ্ছে প্রায় ৫০ প্রজাতির দেশি ও বিদেশি বিরল মাছ। এখানে দর্শনার্থীদের নজর কাড়ছে ফ্লাওয়ার হর্ন, ক্রাফিশ, অ্যালবিনো শার্ক, রেইনবো শার্কের মতো বিচিত্র সব প্রজাতি। রয়েছে উত্তর আফ্রিকার কুমিরের মতো দেখতে বিরল ‘অ্যালিগেটর গার’ মাছও।

দর্শনার্থীরা কেবল দেখার সুযোগই পাচ্ছেন না, প্রতিটি মাছের পরিচিতি ও আবাসস্থল সম্পর্কে বিস্তারিত জানতে পারছেন। পাশাপাশি দর্শনার্থী ও শিশুদের জন্য নিজ হাতে মাছকে খাবার খাওয়ানো এবং আনন্দময় মাছ ধরার বিশেষ সুবিধাও রয়েছে।

অ্যাকোয়ারিয়াম পার্কটির অন্যতম প্রধান আকর্ষণ হলো প্রায় ৪০ ফুট উঁচু কৃত্রিম জলপ্রপাত। পাহাড় থেকে নেমে আসা ঝরণার শব্দ এবং চারপাশের সুবিন্যস্ত পরিবেশ দর্শনার্থীদের প্রকৃতির ছোঁয়া দিচ্ছে। এছাড়া পার্কে থাকা পাখিশালায় রয়েছে ম্যাকাও ও লাভবার্ডসহ নানা রঙের রঙিন পাখি। দর্শনার্থীরা খুব কাছ থেকে এসব পাখির সাথে ছবি তোলার এবং সময় কাটানোর সুযোগ পাচ্ছেন।

পার্কে আসা দর্শনার্থীরা জানান, ঢাকার বুকে এমন ব্যতিক্রমী উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। সমুদ্রে না গিয়েও পরিবারের ছোট ছোট শিশুদের নিয়ে পানির নিচের জীব বৈচিত্র্যের এতো কাছাকাছি আসার সুযোগ পেয়ে তারা আনন্দিত।

অ্যাকোয়ারিয়াম পার্ক কর্তৃপক্ষের প্রতিনিধি আশরাফ সিদ্দিকী রিজভী জানান, যান্ত্রিক শহরের মানুষের কাছে প্রকৃতির একটু ছোঁয়া পৌঁছে দেওয়া এবং নতুন প্রজন্মের মনে প্রকৃতি ও জীব বৈচিত্র্যের প্রতি ভালোবাসা ও সচেতনতা তৈরি করতেই এই পার্কটি সাজানো হয়েছে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More