অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন, শেষ বিদায়ে মানুষের ঢল

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বিশ্ববিদ্যালয় শিক্ষক নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতীমের জানাজা সম্পন্ন হয়েছে।

রবিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টায় ১০ মিনিটে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকশিক্ষার্থী, কর্মকর্তাকর্মচারীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন। অপ্রতিমকে শেষ বিদায় জানাতে সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে মানুষের ঢল নামে।

জানাজায় অংশ নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আব্দুল হাকিম বলেন, অপ্রতিমের রুহের মাগফেরাত কামনা করি। অপ্রতিম হত্যার বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে আমাদের সন্তানদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাই।

তিনি আরও বলেন, আমরা বিচার চাই, সন্তানকে তো আর পাব না। বিচার হবে। সরকারের কাছে আমাদের একটাই প্রশ্ন—ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা আর না ঘটে, তার নিশ্চয়তা কোথায়?

জানাজায় অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার বলেন, আমার একটাই ছেলে। আমার ছেলে কুমিল্লার মানুষের ভালোবাসায় বড় হয়েছে। ওর বাবা হিসেবে আপনাদের কাছে আমি ক্ষমাপ্রার্থী। ও যদি কোনো আচরণে আপনাদের কষ্ট দিয়ে থাকে, আপনারা তাকে ক্ষমা করে দেবেন। ওর জন্য দোয়া করবেন, যেন আল্লাহ তাকে জান্নাতবাসী করেন।

তিনি আরও বলেন, আমার একমাত্র সন্তান ছোটবেলা থেকেই আপনাদের ভালোবাসায় বড় হয়েছে। আপনারা ওকে আপনাদের সন্তানের মতো ভালোবেসেছেন। আজ আমি আপনাদের কাছে ওর জন্য দোয়া চাই।

জানাজা শেষে অপ্রতিমের মরদেহ কুমিল্লার গন্ধমতী ঈদগাহ মাঠে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More