নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৬, নিখোঁজ ৩৮৪ পর্যটক

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। একই ঘটনায় ১০৫ জন ভারতীয়সহ মোট ৩৮৪ পর্যটক নিখোঁজ রয়েছেন।

বুধবার (২৬ আগস্ট) তিব্বত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেশটির সীমান্তবর্তী এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

নেপালের সেনাবাহিনী জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৯টার দিকে ভোতিকোশি নদীর পানি হঠাৎ বেড়ে যায়। এতে রাসুয়া জেলার তিমুর ও পার্শ্ববর্তী সায়াফুরবাসি এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। পানির প্রবল স্রোতে শত শত ঘরবাড়ি, গাড়ি, পণ্য ও অন্যান্য সম্পদ ভেসে গেছে। ওই এলাকায় চলমান কয়েকটি প্রকল্পও বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

উদ্ধার ও তল্লাশি অভিযানে নেপালের সেনাবাহিনী ১৪টি হেলিকপ্টার এবং বিপুলসংখ্যক উদ্ধারকর্মী মোতায়েন করেছে। তবে বন্যার পর পুলিশ ও সেনাবাহিনীর ৩২ সদস্যও নিখোঁজ রয়েছেন।

নেপালের বন্যা পূর্বাভাস কেন্দ্রের কর্মকর্তাদের প্রাথমিক তথ্য অনুযায়ী, তিব্বতে একটি ভূমিধসের কারণে ভোতিকোশি নদীর পানিপ্রবাহ বাধাগ্রস্ত হয়। এর ফলে নদীতে পানির চাপ তৈরি হয়। পরে পাহাড়ি ঢলের পানি যুক্ত হওয়ায় আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে পরিস্থিতি মোকাবিলায় উপদ্রুত এলাকাগুলোতে উদ্ধার অভিযান জোরদার করার নির্দেশ দিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ। নিখোঁজ পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More