সরকারি স্যালাইন মজুত থাকলেও বাইরে থেকে কিনতে হচ্ছে রোগীদের। নওগাঁ সদর হাসপাতাল পরিদর্শনে গিয়ে এমন অনিয়ম পেয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।
রবিবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ১০টায় ২৫০ শয্যা নওগাঁ সদর হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
স্বাস্থ্যমন্ত্রী প্রায় এক ঘণ্টা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, অপারেশন থিয়েটার, ফার্মেসি, রান্নাঘর ও শৌচাগার পরিদর্শন করেন। এ সময় তিনি রোগীদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসাসেবা বিষয়ে খোঁজখবর নেন।
পরিদর্শনের একপর্যায়ে মজুত থাকা সত্ত্বেও রোগীকে বাইরে থেকে স্যালাইন কিনতে বলায় এক নার্সের প্রতি ক্ষোভ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। এরপর ওই রোগীকে মন্ত্রী নিজে বাইরে থেকে কেনা স্যালাইনের ২০০ টাকা ফেরত দেন।
ওই সিনিয়র নার্স কেনো স্যালাইন দিলো না, এবিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী।
পরিদর্শন শেষে সাংবাদিকদের স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতাল পরিদর্শনে গিয়ে অনিয়ম পাওয়া গেছে। এখানে স্যালাইন মজুত থাকার পরও রোগীকে দেওয়া হচ্ছিল না। এছাড়া একজন চিকিৎসককে অনুপস্থিত পাওয়া গেছে। এসব বিষয় নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে।
তিনি বলেন, অল্প সময়ের মধ্যেই দেশের সব মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ টি ও জেলা সদর হাসপাতালে ১০টি করে ডায়ালাইসিস মেশিন স্থাপন করা হবে। যাতে করে জেলা পর্যায়ে রোগীদের এসব সেবার জন্য ঢাকা যেতে না হয়।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বিগত ১৭ বছর এই খাতে কোনো জবাবদিহি ছিল না। আমরা মাত্র ৬ মাসে এই খাতে শৃঙ্খলা ও জবাবদিহি ফেরানোর কাজ শুরু করেছি।’
এসএ