‘শিক্ষাব্যবস্থা শক্তিশালী করা গেলে জাতিও শক্তিশালী হয়ে দাঁড়াবে‘- বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
রবিবার (১৬ আগস্ট) সকালে লালমনিরহাট জেলার ‘মজিদা খাতুন সরকারি মহিলা কলেজ‘ আয়োজিত মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, মাকে আগে শিক্ষিত করতে হবে। মা শিক্ষিত হলে সন্তান শিক্ষিত হবে। বেশিরভাগ বাবা কর্মব্যস্ততার কারণে সন্তানদের পর্যাপ্ত সময় দিতে পারেন না। মায়েরা প্রতিনিয়ত সন্তানদের পাশে থেকে তাদের মানুষ করার চেষ্টা করেন।
তিনি বলেন, সমাজে নারী–পুরুষের সমতা নিশ্চিত না হলে ভারসাম্যপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব নয়। এজন্য নারীর শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ বাড়িয়ে, সমাজ উন্নয়নে নারীর সমান অংশগ্রহণ নিশ্চিত করতে হবে
তিনি আরও বলেন, শিক্ষাব্যবস্থাকে শক্তিশালী করা গেলে জাতিও শক্তিশালী হয়ে দাঁড়াবে। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষকদের যথাযথ মর্যাদা নিশ্চিত করা গেলে মেধাবীরা শিক্ষকতা পেশায় আসতে আগ্রহী হবে।
মন্ত্রী বলেন, শিক্ষকদের শারীরিকভাবে লাঞ্ছিত করার মতো ঘটনা কোনোভাবেই সুস্থ সমাজের লক্ষণ হতে পারে না। এ ধরনের ঘটনা সামাজিক ও নৈতিক মূল্যবোধের অবক্ষয়কে নির্দেশ করে।
‘মজিদা খাতুন সরকারি মহিলা কলেজ‘ অধ্যক্ষ দিলীপ কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক এ কে এম মমিনুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাস, উপাধ্যক্ষ মো. শরিফুল ইসলাম, লালমনিরহাট শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. গোলাম মোস্তফা এবং শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মো. আব্দুল করিম সাদেকী প্রমুখ।
এসএ