চলতি ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল আজ প্রকাশ করা হবে।
সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয় সম্মেলনকক্ষে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ ফল ঘোষণা করবেন।
ফল প্রকাশ উদ্বোধন অনুষ্ঠানে দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান শিক্ষামন্ত্রীর কাছে পরীক্ষার ফল হস্তান্তর করবেন। এরপর পরীক্ষার্থীরা অনলাইন, নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান এবং মোবাইল এসএমএস মাধ্যমে ফল জানতে পারবেন।
ফলাফল দেখা যাবে যেভাবে:
ওয়েবসাইট পদ্ধতি— শিক্ষা বোর্ড কর্তৃক প্রকাশিত ফলাফল সংশ্লিষ্ট সকল শিক্ষা প্রতিষ্ঠানকে https://eduboardresults.gov.bd এবং https://educationboardresults.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে সংগ্রহ করতে হবে।
এসএমএস পদ্ধতি— এসএমএস মাধ্যমে এসএসসি পরীক্ষার ফল দেখার পদ্ধতিতে ১৬২২২ (16222) নম্বরের পাশাপাশি নতুন ১৬১৪০ (16140) নম্বর যুক্ত করা হয়েছে। ফল জানতে টাইপ করতে হবে– SSC BOARD ROLL YEAR (SSC Dha 123456 2026) এবং পাঠাতে হবে 16140 অথবা 16222 নম্বরে । ফিরতি মেসেজে ফল জানিয়ে দেওয়া হবে।
মাদ্রাসার ফল যেভাবে— মাদ্রাসা শিক্ষার্থীদের আগে প্রিরেজিস্ট্রেশন করতে হবে। প্রিরেজিস্ট্রেশনের পদ্ধতি হলো Dakhil<Board Name [First 3 Latter]<Roll<Year টাইপ করে 16222 নম্বরে পাঠাতে হবে। উদাহরণ: Dakhil MAD 123456 2026 লিখে পাঠাতে হবে 16222 নম্বরে। ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গেই প্রিরেজিস্ট্রেশন করা পরীক্ষার্থীদের মোবাইল নম্বরে ফলাফল স্বয়ংক্রিয়ভাবে পৌঁছে যাবে।
কারিগরির ফল যেভাবে— এসএমএস মাধ্যমে ফলাফল জানতে SSC Board name (first 3 Letters) Roll Year টাইপ করে 16222 নম্বরে পাঠাতে হবে। উদাহরণ: SSC TEC 123456 2026 লিখে পাঠাতে হবে 16222 নম্বরে।
প্রতিষ্ঠান ভিত্তিক রেজাল্ট দেখার পদ্ধতি— শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক রেজাল্ট শিট পেতে বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর রেজাল্ট কর্নারে ক্লিক করে শিক্ষাপ্রতিষ্ঠানের ইআইআইএন (EIIN) এন্ট্রি করতে হবে। তাহলে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে।
ফল পুনর্নিরীক্ষণ আবেদন— প্রকাশিত ফলাফলে কোনো পরীক্ষার্থী অসন্তুষ্ট হলে ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে পারবেন। আগামী ১১ থেকে ১৭ আগস্ট পর্যন্ত পুনর্নিরীক্ষণের আবেদন করা যাবে।
উল্লেখ্য, শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় বা পত্রিকা অফিসে কোনো ফলাফল পাওয়া যাবে না।
এসএ