ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
ঐতিহাসিক ৫ আগস্ট আজ।

ঐতিহাসিক ৫ আগস্ট আজ। ঠিক ২ বছর আগে ২০২৪ সালের এই দিনে ছাত্রজনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে টানা ১৬ বছরের আওয়ামী লীগ সরকারের শাসন ব্যবস্থার অবসান ঘটে।

আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারত পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দীর্ঘ ৩৬ দিনের আন্দোলনে সহস্রাধিক মানুষের প্রাণহানির পর দেশের রাজনৈতিক ইতিহাসে শুরু হয় নতুন এক অধ্যায়।

২০২৪ সালের এই দিনে ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে সকাল থেকেই জনসমুদ্রে রূপ নেয় রাজধানী। কারফিউ ভেঙ্গে, নিরাপত্তা বাহিনীর রক্তচক্ষু উপেক্ষা করে সারা দেশ থেকে ঝাঁকে ঝাঁকে রাজধানীতে প্রবেশ করতে থাকে মুক্তিকামী জনতা। জনসমুদ্রের ঢেউতে ভেঙ্গে পড়তে থাকে একের পর এক নিরাপত্তা বেষ্টনি। ইতিহাসের মহাকাব্যের তখন বাকি আর কয়েক ঘণ্টা।

এদিকে পরিস্থিতি বেগতিক দেখে এক পর্যায়ে গণভবন ত্যাগ করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুর ২টার মধ্যে খবর আসে হেলিকপ্টারে করে পালিয়েছেন শেখ হাসিনা। তবে আনুষ্ঠানিক ঘোষণা না থাকায় সবার দৃষ্টি ছিল সেনাপ্রধানের নির্ধারিত ভাষণের দিকে। বিকাল ৩টায় জাতির উদ্দেশে দেওয়া বক্তব্যে সেনাপ্রধান শেখ হাসিনা দেশত্যাগের বিষয়টি নিশ্চিত করেন।

সেনাপ্রধান ঘোষণার পরপরই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিজয় উল্লাসে ফেটে পড়েন সবাই। রচিত হয় জুলাই গণঅভ্যুত্থানের বিজয়গাঁথা।

উল্লেখ্য, ২০২৫ সালে অন্তর্বর্তী সরকার ৫ আগস্টকে জাতীয় দিবস এবং ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে ঘোষণা করে। ২০২৪ সালের ছাত্রজনতার আন্দোলন দেশবিদেশে ‘জুলাই গণঅভ্যুত্থান’ বা ‘জুলাই বিপ্লব’ নামে পরিচিতি লাভ করে এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর একটি হিসেবে বিবেচিত হচ্ছে।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More