শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বাংলাদেশ

বিপৎসীমা অতিক্রম করবে তিস্তা, ১২ জেলায় দেখা দিতে পারে বন্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
বিপৎসীমা অতিক্রম করবে তিস্তা, ১২ জেলায় দেখা দিতে পারে বন্যা
ছবি: সংগৃহীত

দেশের সব প্রধান নদ–নদী এখনো বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে তিস্তাসহ উত্তর, উত্তর–পূর্ব ও দক্ষিণ–পূর্বাঞ্চলের কয়েকটি নদীর পানি দ্রুত বাড়তে পারে। এতে ১২ জেলার বিভিন্ন এলাকায় বন্যা দেখা দিতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

মঙ্গলবার (৭ জুলাই) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সহকারী প্রকৌশলী মোস্তফা কামাল জিহান সই করা বৃষ্টিপাত ও নদ–নদীর পরিস্থিতি বিষয়ক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, বর্তমানে দেশের সব প্রধান নদ–নদী বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। মঙ্গলবার সকাল ৯টার তথ্য অনুযায়ী, পর্যবেক্ষণাধীন কোনো নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেনি। মোট ১২৭টি পানি সমতল পর্যবেক্ষণ কেন্দ্রের মধ্যে ৩৮টিতে পানি বেড়েছে, ৮৬টিতে কমেছে এবং ৩টিতে অপরিবর্তিত রয়েছে।

আগামী ৪ দিন চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগ এবং তৎসংলগ্ন ভারতের ত্রিপুরা, আসাম, মেঘালয় ও পশ্চিমবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।

এছাড়া ভারতের উড়িষ্যা ও তৎসংলগ্ন দক্ষিণ ঝাড়খণ্ড এলাকায় অবস্থানরত মৌসুমি নিম্নচাপটি উত্তর–পশ্চিম দিকে অগ্রসর হয়ে দুর্বল হয়ে বর্তমানে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

এদিকে বন্যা পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে গোমতী, মুহুরি, ফেনী, সেলোনিয়া, হালদা, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি দ্রুত বাড়তে পারে। এতে বান্দরবান, কক্সবাজার, ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ির কিছু স্থানে নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। ফলে নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এছাড়া লক্ষ্মীপুর ও নোয়াখালীর নদীসংলগ্ন নিচু এলাকা সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

উত্তর–পূর্বাঞ্চলেও বন্যার ঝুঁকি বাড়ছে। আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোণা, শেরপুর ও ময়মনসিংহ জেলার কিছু স্থানে নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। এতে নদীসংলগ্ন নিম্নাঞ্চলে কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

এছাড়া রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি আগামী ৩ দিনে দ্রুত বাড়তে পারে। এর মধ্যে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তিস্তা নদী বিপৎসীমা অতিক্রম করতে পারে। এতে নীলফামারী ও লালমনিরহাট জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা রয়েছে। একই সময়ে ধরলা ও দুধকুমার নদী লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার কিছু স্থানে সতর্ক সীমায় পৌঁছাতে পারে এবং নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

অন্যদিকে ব্রহ্মপুত্র–যমুনা নদ–নদীর পানি আগামী ৩ দিন কমে পরবর্তী দুই দিন বাড়তে পারে। গঙ্গা নদীর পানি আগামী তিন দিন স্থিতিশীল থেকে পরে বাড়তে পারে।

তবে পদ্মা নদীর পানি আগামী পাঁচ দিন কমতে পারে। সবগুলো প্রধান নদীই এ সময়ে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হওয়ার পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

 

এসএ