বেলা ১১টার সময় ব্রাজিল ফুটবলার নেইমারের একটি ছবি ফেসবুকে পোস্ট করে ক্যাপশনে লিখেন, ‘দল হারবে, জিতবে কিন্তু নেইমারের জন্য হারটা মানতে পারছি না।’ এমন পোস্ট করার ১৫ মিনিট পর সড়ক দুর্ঘটনায় মারা যান মো. জুয়েল রানা (২৫) নামে এক তরুণ।
সোমবার (৬ জুলাই) বেলা সোয়া ১১টার সময় চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার দারোগা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জুয়েল রানা চাম্বল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চরিত্ত্যাপাড়া এলাকার শামশুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, বিশ্বকাপ ফুটবলে ব্রাজিল ও নরওয়ে খেলা দেখার পর আজ একটু দেরি করে উপজেলা সদরে অবস্থিত দোকানে যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হন জুয়েল। তাকে বহনকারী সিএনজিচালিত অটোরিকশাটি দারোগা বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সড়কে ছিটকে পড়েন জুয়েল।
পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত জুয়েল রানা‘র প্রতিবেশী বাপ্পারাজ তালুকদার বলেন, ‘জুয়েল ভালো ফুটবল খেলতেন। কয়েক দিন আগেও চাম্বল মাঠে সেরা খেলোয়াড় নির্বাচিত হন। কিন্তু আজ তিনি নেই। এটি মানতে খুব কষ্ট হচ্ছে।’
বাঁশখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, ‘আমরা দুর্ঘটনার শিকার দুইটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করেছি। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।
এসএ