শিরোনাম
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

রোগী না দেখেই কোটি কোটি ডলারের বিল: চিকিৎসক দোষী সাব্যস্ত

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
রোগী না দেখেই কোটি কোটি ডলারের বিল: চিকিৎসক দোষী সাব্যস্ত
ক্যালিফোর্নিয়ার চিকিৎসক ডা. ভায়োলেটা মাইলিয়ান

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার এক চিকিৎসককে ৪৫ মিলিয়ন ডলারের মেডিকেয়ার জালিয়াতি মামলায় দোষী সাব্যস্ত করেছে ফেডারেল জুরি। অভিযোগ, তিনি হাজার হাজার রোগীর নামে বোটক্স ইনজেকশনের বিল জমা দিয়েছেন, অথচ অনেক ক্ষেত্রেই রোগীরা চিকিৎসা পাননি, আবার অনেক চিকিৎসা ছিল সম্পূর্ণ অপ্রয়োজনীয়।

মার্কিন বিচার বিভাগ (DOJ) জানিয়েছে, গ্লেনডেলের চিকিৎসক ভায়োলেটা মাইলিয়ান (৪৫) পরিচালিত ক্লিনিক থেকে বছরের পর বছর ধরে ভুয়া মেডিকেয়ার দাবি জমা দেওয়া হয়। তদন্তে উঠে এসেছে, তিনি এমন দিনেও চিকিৎসা দেওয়ার দাবি করে বিল করেছেন যেদিন তিনি মেক্সিকো, হাওয়াই, লাস ভেগাস কিংবা নিউইয়র্কে ছুটিতে ছিলেন। এমনকি একজন কারাবন্দি ব্যক্তিকেও বোটক্স ইনজেকশন দেওয়ার দাবি করে বিল জমা দেওয়া হয়েছিল।

কীভাবে ধরা পড়ল জালিয়াতি?

মামলাটির সূত্রপাত হয় যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যখাত জালিয়াতি বিশ্লেষণকারী বিশেষ ডেটা অ্যানালিটিক্স টিমের তদন্তে।

তাদের নজরে আসে, মাইলিয়ান মেডিকেয়ার থেকে বোটক্স চিকিৎসার জন্য এমন পরিমাণ অর্থ পেয়েছেন যা দেশের অন্য যেকোনো চিকিৎসকের তুলনায় অস্বাভাবিকভাবে বেশি। চার বছরে তিনি ২৪ মিলিয়নেরও বেশি ডলার পেয়েছিলেন—যা একই খাতে অন্য শীর্ষ চিকিৎসকদের তুলনায় কয়েকগুণ বেশি।

ফেডারেল তদন্তকারীরা পরে দেখতে পান, ক্লিনিক বন্ধ থাকার দিনেও লাখ লাখ ডলারের চিকিৎসা বিল জমা হয়েছে। শুধু বন্ধ থাকা দিনগুলোর বিলের পরিমাণই ছিল ১৯ মিলিয়ন ডলারের বেশি।

জাল নথি, ভুয়া রোগ নির্ণয়

আদালতে উপস্থাপিত প্রমাণ অনুযায়ী, মাইলিয়ান রোগীদের দীর্ঘস্থায়ী মাইগ্রেনের ভুয়া রোগ নির্ণয় দেখিয়ে বোটক্স চিকিৎসার বিল করতেন।

অনেক ক্ষেত্রে রোগীর সম্মতিপত্র, চিকিৎসা নথি ও মেডিকেল রেকর্ডও পরে তৈরি করা হয়। তদন্তকারীদের বিভ্রান্ত করতে কিছু নথির তারিখ পরিবর্তন এবং জাল স্বাক্ষর ব্যবহারের অভিযোগও প্রমাণিত হয়েছে।