বাংলাদেশিদের জন্য মেডিকেল ভিসা অব্যাহত রাখার পাশাপাশি আগামী ২৮ জুন থেকে টুরিস্ট ভিসা পুনরায় স্বাভাবিক করার ঘোষণা দিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
বৃহস্পতিবার (২৫ জুন) রাজধানীর যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা জানান।
হাইকমিশনার জানান, আপাতত ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও খুলনার মোট ৫টি ভিসা সেন্টার থেকে টুরিস্ট ভিসা প্রদান করা হবে এবং পর্যায়ক্রমে অন্যান্য সেন্টারগুলোও খুলে দেয়া হবে। মানবতাকে প্রাধান্য দিয়ে মেডিকেল ভিসা কার্যক্রম চলমান থাকবে বলেও তিনি নিশ্চিত করেন।
আজই বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন দীনেশ ত্রিবেদী। তিনি প্রণয় কুমার ভার্মারের স্থলাভিষিক্ত হলেন।
ভারতীয় রাজনীতিতে অত্যন্ত পরিচিত মুখ দীনেশ ত্রিবেদী দীর্ঘ রাজনৈতিক জীবনে রেলমন্ত্রী এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। বাংলা ভাষা ও সংস্কৃতির সঙ্গে দীর্ঘদিনের সম্পৃক্ততা থাকা এই অভিজ্ঞ রাজনীতিবিদকে গত এপ্রিলে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে নিয়োগ দেয় ভারত সরকার।