বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬
বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. খাদেমুল (৩০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. খাদেমুল (৩০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বুধবার (১৩ মে) দিবাগত রাত ২টার দিকে হাতীবান্ধা উপজেলার আমঝোল এলাকার বনচৌকি সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহত খাদেমুল উপজেলার উত্তর আমঝোল গ্রামের আমজাদ হোসেনের ছেলে।

স্থানীয় ও বিজিবি সূত্রে জানা যায়, বুধবার রাতে সীমান্ত পিলার ৯০৫/৬ এসএর প্রায় ১৫০ গজ ভারতের অভ্যন্তরে একদল বাংলাদেশি কাঁটাতারের বেড়ার কাছে যান। এ সময় ভারতের ৭৮ বিএসএফ ব্যাটালিয়নের পাগলামারী ক্যাম্পের একটি টহল দল তাদের লক্ষ্য করে ছররা গুলি ছোড়ে। এতে খাদেমুলের মুখ, বুক ও মাথায় গুলি লাগে।

গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা খাদেমুলকে উদ্ধার করে রংপুরের একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৪ মে) ভোরে তার মৃত্যু হয়।

লালমনিরহাট ১৫ বিজিবিএর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহতের খবর পাওয়া গেছে। এ বিষয়ে বিস্তারিত খোঁজ নেয়া হচ্ছে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More