রবিবার, মে ১৭, ২০২৬
রবিবার, মে ১৭, ২০২৬

আগামী ১৫ মে বাজারে আসছে রাজশাহীর আম

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
রাজশাহী জেলার বিখ্যাত ও সুস্বাদু আম সংগ্রহ করার সময় নির্ধারণ করে দিয়েছে জেলা প্রশাসন।

রাজশাহী জেলার বিখ্যাত ও সুস্বাদু আম সংগ্রহ করার সময় নির্ধারণ করে দিয়েছে জেলা প্রশাসন। বাজারে নিরাপদ, বিষমুক্ত ও পরিপক্ব আম নিশ্চিত করতে এবারও ‘ম্যাংগো ক্যালেন্ডার’ ঘোষণা করা হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৫ মে থেকে সব ধরনের গুটি জাতের আম সংগ্রহের মাধ্যমে শুরু হচ্ছে এবারের আম মৌসুম।

রবিবার (১০ মে) বিকাল সাড়ে ৩টায় রাজশাহী জেলা প্রশাসক সভাকক্ষে কৃষিবিদ, ফল গবেষক, চাষি ও ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এই সময়সূচি চূড়ান্ত করা হয়। 

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।

ঘোষিত সূচি অনুযায়ী, ১৫ মে থেকে নামানো যাবে সব ধরনের গুটি আম। ২২ মে থেকে গোপালভোগ, ২৫ মে থেকে রানীপছন্দ ও লক্ষণভোগ, ৩০ মে থেকে হিমসাগর (খিরসাপাত) সংগ্রহ করা যাবে।

এ ছাড়া, ১০ জুন থেকে নামানো যাবে সুগন্ধি ল্যাংড়া ও ব্যানানা ম্যাংগো। এরপর ১৫ জুন থেকে আম্রপালি ও ফজলি বাজারজাত করা যাবে।

বারি আম৪ সংগ্রহ শুরু হবে ৫ জুলাই, আশ্বিনা ১০ জুলাই এবং সবশেষে নাবি জাতের আম হিসেবে ১৫ জুলাই থেকে বাজারে আসবে গৌড়মতি। তবে কাটিমন ও বারি আম১১ জাতের আম সারা বছরই সংগ্রহ করা সম্ভব বলে জানিয়েছে কৃষি বিভাগ।

জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম জানান, নির্ধারিত সময়ের আগে কোনোভাবেই গাছ থেকে আম নামানো যাবে না।

তিনি বলেন, ‘বাজারে অপরিপক্ক ও অনিরাপদ আম রোধে আমরা কঠোর অবস্থানে আছি। যদি প্রশাসনিক সিদ্ধান্ত উপেক্ষা করে কেউ আগে আম নামায় বা কৃত্রিমভাবে পাকানোর চেষ্টা করে, তবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (রাজশাহী) তথ্যমতে, চলতি মৌসুমে জেলায় ১৯ হাজার ৩৬২ হেক্টর জমিতে আম আবাদ হয়েছে। সম্ভাব্য উৎপাদন ধরা হয়েছে প্রায় ২ লাখ ৪৩ হাজার ৯৯৩ মেট্রিক টন। যার বাজারমূল্য প্রায় ৭৮০ কোটি টাকার বেশি।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More