হত্যাসহ বিভিন্ন অভিযোগে দায়ের করা ১০ মামলায় নারায়ণগঞ্জ সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী‘র জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। ফলে তার মুক্তিতে আপাতত কোনও বাধা রইল না।
রবিবার (১০ মে) হাইকোর্ট আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদন খারিজ করে প্রধান বিচারপতি নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।
আদালতে আইভী‘র পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট মো. মোতাহার হোসেন সাজু।
এর আগে ২০২৫ সালের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার চুনকা কুটির থেকে সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে আটক করা হয়। এরপর বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরবর্তীতে হাইকোর্ট ৫ মামলায় তাকে জামিন দেন। তবে আপিল বিভাগে সেই জামিন স্থগিত হয়ে যায়।
এর মধ্যে গত ১৮ নভেম্বর আরও ৫ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরে বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গত ২৬ ফেব্রুয়ারি তাকে জামিন দেন।
উল্লেখ্য, ২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত নারায়ণগঞ্জ পৌরসভা মেয়র ছিলেন সেলিনা হায়াৎ আইভী। পরবর্তীতে নবগঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের টানা ৩টি নির্বাচনে জয়ী হন জেলা আ. লীগের সাবেক এই জ্যেষ্ঠ সহ–সভাপতি। বর্তমানে তিনি কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে বন্দি আছেন।
এসএ