স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগে নবাগত শিক্ষার্থীদের বরণ করে নিতে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য নবীনবরণ অনুষ্ঠান “সত্যান্বেষী”।
বুধবার (৬ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের সিদ্ধেশ্বরী ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে ৮৫ ও ৮৬ ব্যাচের শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনা জানায় ৮২, ৮৩ ও ৮৪তম ব্যাচ।
দিনব্যাপী এ আয়োজনে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে নবীন ও প্রবীণ শিক্ষার্থীদের পদচারণায়। স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে হাসি–আনন্দ, আবেগ এবং সৃজনশীলতার মেলবন্ধনে তৈরি হয় এক অনন্য পরিবেশ।
পবিত্র কোরআন তিলাওয়াত, গীতা পাঠ এবং জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এবং সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী আব্দুল মান্নান আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শরীফ নাফে আস–সাবের, রেজিস্ট্রার মো. আব্দুল মতিনসহ বিভাগের শিক্ষক–শিক্ষিকা এবং সাবেক শিক্ষার্থীরা।
এবারের আয়োজনের প্রতিপাদ্য ছিল “মুখোশ”। সাংবাদিকতার অন্যতম প্রধান লক্ষ্য—লুকিয়ে থাকা সত্য উদ্ঘাটন করে সমাজের সামনে তুলে ধরা—এই ভাবনাকে কেন্দ্র করেই এবারের নবীনবরণের থিম নির্ধারণ করা হয়। উদ্বোধনের পর নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয় সিনিয়র ব্যাচের শিক্ষার্থীরা। প্রথম পর্বে বিভাগের বর্তমান শিক্ষার্থীরা নাচ, গান, আবৃত্তি এবং নাটিকা পরিবেশন করেন। সমসাময়িক মোবাইল সাংবাদিকতার নৈতিকতা বিষয়ক আলোচনাকে কেন্দ্র করে “আটক” শিরোনামের একটি নাটক মঞ্চস্থ করা হয়, যা দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
দ্বিতীয় পর্বে শুরু হয় ব্যান্ড শো। সুরের মূর্ছনায় মুখরিত হয়ে ওঠে পুরো অডিটোরিয়াম। সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা একসঙ্গে গানে গলা মেলান, অনেকে নৃত্যেও অংশ নেন, যা অনুষ্ঠানে বাড়তি প্রাণচাঞ্চল্য যোগ করে।
সত্যের আলোয় আলোকিত হয়ে নবীন শিক্ষার্থীদের পথচলা আরও সমৃদ্ধ হবে—এই প্রত্যাশা ব্যক্ত করে আনন্দঘন পরিবেশে সমাপ্ত হয় নবীনবরণ অনুষ্ঠান “সত্যান্বেষী”।