শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারীকে গুলি করে হত্যা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারীকে গুলি করে হত্যা

পশ্চিমবঙ্গে নির্বাচন–পরবর্তী সহিংসতার জের ধরে এবার হামলার শিকার হলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথ। বুধবার (৬ মে) রাতে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে একদল সশস্ত্র দুষ্কৃতকারী তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালালে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই ঘটনায় আহত হয়েছেন গাড়ির চালক বুদ্ধদেব বেড়া।

স্থানীয় সংবাদমাধ্যমগুলোর সূত্রমতে, বুধবার রাতে কলকাতা থেকে ফেরার পথে মধ্যমগ্রামের দোহারিয়া এলাকায় চন্দ্রনাথ রথের গাড়িটি আটকায় একদল বন্দুকধারী। কিছু বুঝে ওঠার আগেই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালিয়ে তারা দ্রুত পালিয়ে যায়। গুলিতে বিদ্ধ হয়ে চন্দ্রনাথ রথ প্রাণ হারান এবং চালক গুরুতর আহত হন।

ঘটনার পরপরই এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছালে স্থানীয় বিজেপি সমর্থকরা দোষীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ শুরু করেন।

এদিকে রাতেই হাসপাতালে নিহতের মরদেহ দেখতে যান শুভেন্দু অধিকারী। এই ঘটনাকে একটি ‘পরিকল্পিত হত্যাকাণ্ড‘ হিসেবে অভিহিত করে সরাসরি তৃণমূল কংগ্রেসের দিকে অভিযোগের আঙুল তুলেছেন তিনি।

অন্যদিকে, তৃণমূল কংগ্রেস এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে অভিযোগ অস্বীকার করেছে। দলটির পক্ষ থেকে নির্বাচন–পরবর্তী সমস্ত সহিংসতার নিরপেক্ষ তদন্তের আহ্বান জানানো হয়েছে।

বিধানসভা নির্বাচনের ফলাফল পরবর্তী সহিংসতায় উত্তপ্ত হয়ে আছে গোটা পশ্চিমবঙ্গ। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে রাজনৈতিক সংঘর্ষ ও প্রাণহানির খবর আসছে। বেলেঘাটা, নিউ টাউন, বীরভূম, হাওড়া ও উদয়নারায়ণপুরে তৃণমূল–বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষে একাধিক প্রাণহানি ঘটেছে। মুর্শিদাবাদে গুলিবিদ্ধ হয়েছেন এক সিপিএম কর্মী। পশ্চিম বর্ধমানসহ বিভিন্ন এলাকায় দলীয় কার্যালয় ভাঙচুর ও দখলের হিড়িক পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজ্যজুড়ে বর্তমানে ৭০০ প্লাটুন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More