ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই প্রকাশ হতে শুরু করেছে বুথফেরত জরিপের ফলাফল। জরিপ অনুযায়ী এবার পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের তুলনায় এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি বলছে, বুথ ফেরত জরিপে ছয়টি জরিপ সংস্থার মধ্যে চারটিতেই রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসকে টপকে প্রথমবারের মতো বিজেপি ক্ষমতায় আসীন হওয়ার ইঙ্গিত দিচ্ছে। মাত্র দুইটি জরিপে তৃণমূল কংগ্রেস জয়ী হওয়ার ইঙ্গিত পাওয়া গেছে।
তবে বুথ ফেরত জরিপের ফল প্রায় সময়ই মেলে না এবং এগুলো চূড়ান্ত নয়। কিন্তু ফল মিলে গেলে তা হবে এই রাজ্যে বিজেপির জন্য এক উল্লেখযোগ্য জয়। আনুষ্ঠানিকভাবে ভোটের ফল ঘোষণা হবে আগামী ৪ মে। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে বিধানসভা নির্বাচনে ২০১১ সালের রেকর্ড ভেঙে এবার ভোটদানের হার হয়েছে সর্বোচ্চ। ভোটগ্রহণ শেষের একঘণ্টা বাকী থাকতেই ভোট পড়ে ৮৯ দশমিক ৯৯ শতাংশ।