বগুড়া জেলার ঐতিহ্যবাহী শহীদ চান্দু স্টেডিয়ামকে পুনরায় আন্তর্জাতিক মানের ক্রিকেট ভেন্যুতে রূপ দিতে দ্রুত উন্নয়ন কাজ শুরুর ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
সোমবার (১৩ এপ্রিল) দুপুর ২টার দিকে শহীদ চান্দু স্টেডিয়াম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ ঘোষণা দেন।
প্রতিমন্ত্রী বলেন, শহীদ চান্দু স্টেডিয়াম এক সময় আন্তর্জাতিক মানের ভেন্যু হিসেবে পরিচিত ছিল। এটিকে পুনরায় সেই অবস্থানে ফিরিয়ে আনতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মানদণ্ড অনুসরণ করে আধুনিকায়ন করা হবে।
তিনি বলেন, বগুড়ায় আলাদা কোনো জেলা স্টেডিয়াম না থাকায় এটি দেশের মধ্যে ব্যতিক্রম। সরকারের ৬৪ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণ পরিকল্পনার অংশ হিসেবে বগুড়া জেলার এই স্টেডিয়ামকে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়নের আওতায় আনা হচ্ছে।
তিনি আরও বলেন, দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকা স্টেডিয়ামটিকে আধুনিক সুযোগ–সুবিধা সংবলিত আন্তর্জাতিক মানের স্টেডিয়ামে রূপ দিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, জাতীয় ক্রীড়া পরিষদ এবং বিসিবি কর্মকর্তারা একমত হয়েছেন।
আমিনুল হক বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় সভায় সারা দেশের খালি জায়গা চিহ্নিত করে খেলার মাঠ সংরক্ষণ ও নতুন মাঠ তৈরির বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিশেষ করে ঢাকা মহানগরসহ গ্রামীণ জনপদে ভবিষ্যৎ প্রজন্মের জন্য খেলাধুলার উপযোগী পরিবেশ তৈরিতে ইতোমধ্যে কার্যক্রম শুরু হয়েছে।
এসএ