বগুড়া–৬ আসনে (সদর) উপনির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী ও ও দলটির জেলা সভাপতি রেজাউল করিম বাদশা। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে উপনির্বাচনের রিটানিং কর্মকর্তা ফজলুল করিম তাকে বিজয়ী ঘোষণা করেন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এই আসনের ভোটগ্রহণ চলে। এরপর শুরু হয় গণনা। রাতে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়।
জেলা নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, পোস্টাল ব্যালটসহ মোট ১৫১টি কেন্দ্রের চূড়ান্ত ফলাফলে ধানের শীষ প্রতীকে রেজাউল করিম বাদশা পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৯৩১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল পেয়েছেন ৫৭ হাজার ১৫৯ ভোট।
নির্বাচন কমিশন আরও জানায়, এই আসনে এবারের উপনির্বাচনে পোস্টাল ব্যালটসহ মোট ৪৩ শতাংশ ভোট কাস্ট হয়েছে। বিকেল সাড়ে ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর থেকেই কেন্দ্রগুলোতে গণনা শুরু হয় এবং রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ক্রমান্বয়ে ফলাফল সংগ্রহ ও ঘোষণা করা হয়।