নওগাঁ জেলার বদলগাছী উপজেলার ফসলের মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় ৩২৫ রাউন্ড থ্রি–নট–থ্রি রাইফেল গুলি উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (২৯ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার আধাইপুর ইউনিয়নের দেউলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দেউলিয়া গ্রামের বাসিন্দা আনসার চৌধুরী তার জমিতে পটল আবাদ শুরু করেন। এ সময় পাশের জমির মালিক জয়দুল খুঁটি স্থাপনের জন্য প্রায় ১ ফুট গভীর গর্ত খনন করতে গেলে হঠাৎ শক্ত কিছুতে বাধা পান। পরে সন্দেহবশত আরও মাটি খনন করলে সেখানে বিপুল পরিমাণ গুলি দেখতে পান।
খবর পেয়ে বদলগাছী থানা অফিসার ইনচার্জ (তদন্ত) নজরুল ইসলাম ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুলিগুলো জব্দ করেন।
বদলগাছী থানা অফিসার ইনচার্জ (তদন্ত) নজরুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে গুলিগুলো অনেক পুরনো। কোনো এক সময় মাটির নিচে গোপন রাখা হয়েছিল। গুলি উদ্ধার করে থানা নিয়ে আসা হয়েছে। পরবর্তীতে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এসএ